২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাজ্য-জার্মানির ভ্রমণ নির্দেশিকা নিয়ে ক্ষুব্ধ স্পেন

স্পেন ভ্রমণ নিয়ে যুক্তরাজ্য এবং জার্মানির জারি করা নির্দেশিকা বৈষম্যমূলক এবং অন্যায় বলে ক্ষুব্ধ প্রতিক্রিয়া প্রকাশ করেছে দেশটি।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 28 Jul 2020, 10:19 PM

Updated : 08 Apr 2022, 01:08 AM

পর্যটনের এই মৌসুমে জার্মানি সদ্যই তাদের নাগরিকদের স্পেনের দ্বীপগুলোতে ভ্রমণে না যাওয়ার পরামর্শ দিয়েছে। এর আগে যুক্তরাজ্যও স্পেন ফেরতদের জন্য ১৪ দিনের কোয়ারেন্টিনের নিয়ম চালু করেছে।

স্পেনে করোনাভাইরাস সংক্রমণ বাড়তে থাকায় দেশ দুটি নতুন এই ভ্রমণ নির্দেশিকা জারি করে। এরপরই মঙ্গলবার স্পেন এ নিয়ে ক্ষোভ প্রকাশ করল।

স্পেনে বিধিনিষেধ তুলে নেওয়া হয়েছে এক মাস আগে। এরপর সম্প্রতি দুই সপ্তাহে দেশটিতে করোনাভাইরাস সংক্রমণ তিনগুন বেড়েছে। গত শুক্রবার ৯শ’রও বেশি মানুষ শনাক্ত হওয়ার খবর পাওয়া গেছে বলে জানিয়েছিল বিবিসি।

স্পেন আরেক দফায় করোনাভাইরাসের ঢেউয়ের মুখে আছে বলে সরকার এরই মধ্যে সতর্ক করেছে। এ পরিস্থিতিতেই গত শনিবার যুক্তরাজ্য তাদের নিরাপদ দেশের তালিকা থেকে স্পেনকে বাদ দেওয়ার ঘোষণা দেয়।

দীর্ঘ লকডাউন ও ভ্রমণ নিষেধাজ্ঞা কাটিয়ে স্পেনের পর্যটন খাত মাত্র ঘুরে দাঁড়াতে শুরু করার মুখে যুক্তরাজ্য এবং জার্মানির নতুন ভ্রমণ নির্দেশিকা দেশটির অর্থনীতিতে আরেকটি ধাক্কা।

২০১৮ সালের তথ্যানুযায়ী স্পেনের পরিসংখ্যান কার্যালয়ের হিসাবে, দেশটির জিডিপি’র ১২.৩ শতাংশই এসেছে পর্যটন খাত থেকে, কর্মসংস্থান সৃষ্টি হয়েছে ১২.৭ শতাংশ।

কিন্তু এবছর এপ্রিল থেকে জুনে স্পেনে ১০ লাখ মানুষ চাকরি হারানোয় অর্থনীতি সবচেয়ে বড় ধসের মুখে পড়েছে।

এ পরিস্থিতিতে জার্মানি তাদের নাগরিকদের স্পেনের কিছু কিছু অঞ্চলে ভ্রমণ না করার যে নির্দেশিকা দিয়েছে তা ‘বৈষম্যমূলক’ বলে সমালোচনা করেছে স্পেনের অ্যারাগন অঞ্চল। এ ব্যাপারে স্পেনের পররাষ্ট্রমন্ত্রীকে আনুষ্ঠানিকভাবে অভিযোগ জানানোরও অনুরোধ করেছে তারা।

যুক্তরাজ্য গত শনিবারের পর সোমবার ভ্রমণ নিষেধাজ্ঞা বাড়িয়ে স্পেনের মূলভূখন্ডে ক্যানারি এবং ব্যালেরিক দ্বীপে না যাওয়ার নির্দেশিকা জারি করেছে এবং এ সিদ্ধান্ত পরিবর্তন করা হবে না বলেও জানিয়েছে।

ব্রিটিশরাই স্পেন ভ্রমণে যায় সবচেয়ে বেশি। গত বছর প্রায় ১ কোটি ৮০ লাখ মানুষ যুক্তরাজ্য থেকে স্পেনে ভ্রমণ করেছে। পর্যটনের দিক দিয়ে যুক্তরাজ্যের পরই আছে জার্মানি। গত বছর স্পেন ভ্রমণ করেছে প্রায় ১ কোটি ১২ লাখ জার্মান।

স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ এরই মধ্যে সাফাই দিয়ে বলছেন, ‘‘স্পেন নিরাপদ, স্পেনের বাসিন্দাদের জন্য এটি নিরাপদ, পর্যটকদের জন্যও এটি নিরাপদ।”

স্পেনের অ্যারাগন অঞ্চলের এক কর্মকর্তাও বলছেন, সেখানে মহামারী নিয়ন্ত্রণে আছে। তাছাড়া, পর্যটনের ক্ষেত্রে স্বাস্থ্যর নিরাপত্তা নিশ্চিত করার আপ্রাণ চেষ্টা চলছে বলেও জানিয়েছেন তিনি।

স্পেনে এ পর্যন্ত করোনাভাইরাস শনাক্ত হয়েছে মোট ২৭৮,৭৮২ জন এবং মারা গেছে ২৮,৪৩৪ জন। কিন্তু দেশটির এক অঞ্চল থেকে আরেক অঞ্চলে সংক্রমণের হারে ব্যাপক তারতম্য রয়েছে। গত কয়েকসপ্তাহে স্পেনের কাতালুনিয়া এবং অ্যারাগন অঞ্চলে নতুন করে করোনাভাইরাস সংক্রমণ অনেক বেড়েছে।

পুরনো খবর:

সংক্রমণ বাড়ার মধ্যে ‘পরিস্থিতি নিয়ন্ত্রণে’ বলল স্পেন