সংক্রমণ বাড়ার মধ্যে ‘পরিস্থিতি নিয়ন্ত্রণে’ বলল স্পেন
স্পেনে সম্প্রতি করোনাভাইরাস সংক্রমণ অনেক বেড়ে যাওয়ার মধ্যে সেদেশে ভ্রমণকারীদের জন্য যুক্তরাজ্যের ১৪ দিনের কোয়ারেন্টিনের নিয়ম চালুর মুখে স্পেন নিজেদের নিরাপদ দেশ বলে দাবি করেছে।
ব্রিটিশ সরকার নতুন ওই নির্দেশনা জারির পর স্পেনের পররাষ্ট্রমন্ত্রী এর জবাবে বলেছেন, ভ্রমণকারীদের জন্য ‘স্পেন নিরাপদ’ এবং নতুন করে যে সংক্রমণ ঘটেছে তাও ‘কর্তৃপক্ষের নিয়ন্ত্রণে’।
স্পেনে বিধিনিষেধ তুলে নেওয়া হয়েছে এক মাস আগে। এরপর সম্প্রতি দুই সপ্তাহে দেশটিতে করোনাভাইরাস সংক্রমণ তিনগুন বেড়েছে। শুক্রবার ৯শ’রও বেশি মানুষ শনাক্ত হওয়ার খবর পাওয়া গেছে বলে জানিয়েছে বিবিসি।
ফলে স্পেন আরেক দফায় করোনাভাইরাসের ঢেউয়ের মুখে আছে বলে সরকার সতর্ক করেছে। এ পরিস্থিতিতে শনিবার যুক্তরাজ্য তাদের নিরাপদ দেশের তালিকা থেকে স্পেনকে বাদ দেওয়ার ঘোষণা দেয়। রোববার থেকে স্পেনফেরতদের জন্য কোয়ারেন্টিনের নিয়ম কার্যকরও করা হয়।
যুক্তরাজ্যের এ সিদ্ধান্তের কারণে অনেকের ভ্রমণ পরিকল্পনা ভেস্তে গেছে। যারা এরই মধ্যে স্পেন ভ্রমণে চলে গেছেন তারাও ফেরা নিয়ে উদ্বেগে পড়েছেন। কারণ, যাত্রী না পাওয়া এয়ারলাইন্সের সূচিতেও বিশৃঙ্খলা দেখা দিয়েছে। নানা হলিডে কোম্পানি তাদের পূর্বনির্ধারিত ভ্রমণ পরিকল্পনা বাতিল করছে।
তবে মাদ্রিদ সরকার পর্যটকদের আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়ে বলছে, স্পেন নিরাপদ। স্পেন তাদের ব্যালিয়ারিক ও ক্যানারি দ্বীপপুঞ্জকে কোয়ারেন্টিনের আওতার বাইরে রাখতে যুক্তরাজ্য সরকারকে রাজি করানোর চেষ্টা করছে বলেও জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আরাঞ্চা গঞ্জালেস লায়া।
স্পেনের পররাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের বলেন, ব্যালিয়ারিক ও ক্যানারি দ্বীপপুঞ্জে করোনাভাইরাস বিস্তারের হার যুক্তরাজ্যর থেকেও অনেক কম। ‘‘স্পেন নিরাপদ, স্পেনের বাসিন্দাদের জন্য এটি নিরাপদ, পর্যটকদের জন্যও এটি নিরাপদ।”
গত বছর স্পেন ভ্রমণে যাওয়া প্রতি পাঁচজন পর্যটকের একজনের বেশি যুক্তরাজ্য থেকে গিয়েছিলেন। যা দেশটির পর্যটন খাতে মোট আয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
ইউরোপে করোনাভাইরাস মহামারীতে সবচেয়ে বেশি আক্রান্ত দেশ যুক্তরাজ্য। স্পেনেও সংক্রমণ এবং মৃত্যু অনেক বেশি ছিল। ভাইরাসের বিস্তার নিয়ন্ত্রণে দুই দেশই দীর্ঘদিন লকডাউনে ছিল।পরিস্থিতির উন্নতি হলে লকডাউন তুলে নেওয়া হয়।
দীর্ঘ লকডাউন ও ভ্রমণ নিষেধাজ্ঞা কাটিয়ে স্পেনের পর্যটন খাত মাত্র ঘুরে দাঁড়াতে শুরু করেছে। কিন্তু দেশটিতে আবার নতুন করে ভাইরাস সংক্রমণ বাড়ায় স্পেনের বেশিরভাগ অঞ্চলে ফের সব জায়গায় মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে।
বার্সেলোনাসহ আরো কিছু অঞ্চলে জনগণকে আবারও ঘরে থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। এ দফায় মূলত কাতালুনিয়া ও এর আশেপাশের অঞ্চলে সংক্রমণ বেশি ছড়িয়েছে।
এর মধ্যে স্পেন ভ্রমণকারীদের জন্য যুক্তরাজ্যের কোয়ারেন্টিনের নিয়মের কারণে ইউরোপের সবচেয়ে বড় হলিডে কোম্পানি ‘টিইউআই’ আগামী ৯ অগাস্ট পর্যন্ত স্পেনের মূলভূখণ্ডে তাদের সব ভ্রমণ শিডিউল বাতিল ঘোষণা করেছে।
যুক্তরাজ্যের এসেক্সের বাসিন্দা এমিলি হ্যারিসন মাদ্রিদ থেকে এখন দেশে ফেরার ব্যবস্থা করতে ব্যস্ত হয়ে পড়েছেন। তিনি বলেন, ‘‘এই সিদ্ধান্ত সবার পরিকল্পনা নষ্ট করে দিয়েছে। সবাই এখন আতঙ্কে আছেন।”
যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডমিনিক রাব অবশ্য সরকারের এ সিদ্ধান্তকে অত্যন্ত ‘সময়োচিত’ বলে বর্ণনা করেছেন। স্কাই নিউজকে রোববার রাব বলেন, ‘‘আমরা শুধু ক্ষমা প্রার্থনা করতে পারি না....আমাদের অবশ্যই দ্রুত এবং কার্যকর ব্যবস্থ গ্রহণ করতেও পারতে হবে।”
নতুন নির্দেশনায় যুক্তরাজ্যের বাসিন্দাদের জরুরি প্রয়োজন ছাড়া স্পেন ভ্রমণে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। আর যারা যাবেন তাদের ক্ষেত্রে অবশ্যই ১৪ দিন কোয়ারেন্টিনের নিয়ম প্রযোজ্য হবে। নরওয়েও বলেছে, স্পেন থেকে কেউ সেদেশে গেলে তাকে কোয়ারেন্টিনে থাকতে হবে।
