চতুর্থদফায় ভিন্নধর্মী লকডাউন হবে, জানালেন মোদী
ভারতে ১৭ মে শেষ হচ্ছে তৃতীয় দফার লকডাউনের মেয়াদ। তার আগে আবার জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানালেন লকডাউন বাড়বে।
চতুর্থদফার এই লকডাউন সম্পূর্ণ নতুন নিয়মে হবে। মঙ্গলবার রাত ৮ টায় দেওয়া ভাষণে মোদী একথা বলেন বলে জানিয়েছে আনন্দবাজার পত্রিকা।
তবে লকডাউন কত দিনের জন্য হবে তা বলেননি তিনি। এনডিটিভি লিখেছে, ১৮ মে'র আগে এ ব্যাপারে ঘোষণা দেওয়া হবে এবং পরবর্তী লকডাউনে কী কী শিথিলতা আসতে চলেছে সেটিও জানিয়ে দেওয়া হবে, বলেছেন প্রধানমন্ত্রী।
এর আগে বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকের পর মোদী লকডাউন বাড়ানো এবং তা কেবল করোনাভাইরাসে বেশি ক্ষতিগ্রস্ত এলাকার মধ্যেই সীমিত রাখার কথা বলেছিলেন।
তাছাড়া, “প্রথম লকডাউনে যেসব পদক্ষেপ নেওয়া দরকার হয়েছিল, দ্বিতীয় দফায় তা দরকার হয়নি। একইভাবে তৃতীয় দফার সব পদক্ষেপ চতুর্থ দফাতেও দরকার নেই” বলে বৈঠকের পর এক বিবৃতিতে জানিয়েছিলেন মোদী।
তাই এবারের লকডাউন পুরো ভিন্নধর্মী হচ্ছে বলেই ভাষণে ইঙ্গিত দিলেন তিনি। পাশপাশি করোনাভাইরাস মোকাবেলায় ঝিমিয়ে যাওয়া অর্থনীতিকে চাঙ্গা করতে মোদী আবার বড় ধরনের আর্থিক প্যাকেজও ঘোষণা করেছেন।
নতুন করে ঘুরে দাঁড়াতে আত্মনির্ভর ভারত গড়ার প্রকল্পে ২০ লক্ষ কোটি টাকার আর্থিক প্যাকেজ ঘোষণা করে তিনি বলেছেন, দেশের মোট জিডিপি'র ১০ শতাংশের এ প্যাকেজ সমাজের সর্বস্তরেই প্রযোজ্য হবে।
বুধবার থেকে শুরু করে আগামী কয়েক দিন ভারতের অর্থমন্ত্রী এই প্যাকেজ নিয়ে বিস্তারিত জাতির সামনে ঘোষণা করবেন বলে জানান তিনি।
মোদী বলেন, “রাষ্ট্র হিসেবে আমরা এক বিরাট সঙ্কটের মুখে দাঁড়িয়ে। এই ভাইরাস থেকে এগুনোর একটাই উপায়, আত্মনির্ভর ভারত । আমাদের বাঁচতেও হবে, এগোতেও হবে। মানুষের জন্যে চলমান পরিস্থিতি অভূতপূর্ব। কিন্তু ভেঙে পড়লে চলবে না। ভেঙে পড়া মানবতার অভ্যাস নয়। আমাদেরকে দৃঢ় সংকল্প নিতে হবে।”
ভারতে গত ২৪ ঘণ্টায় আরও ৩ হাজার ৬০৪ জন করোনাভাইরাস আক্রান্ত নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে, ৭০ হাজার ৭৫৬ জনে। মারা গেছে ২ হাজার ২৩৯ জন।
জানুয়ারির শেষদিকে ভারতে করোনাভাইরাসের প্রথম রোগী শনাক্ত হওয়া থেকে আক্রান্তের সংখ্যা বেড়ে ৫শ’র কাছাকাছি হওয়ার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক ভাষণে ২২ মার্চ দেশবাসীকে 'জনতা কারফিউ' পালনের ডাক দিয়েছিলেন।
তারপর ২৪ মার্চ আবার জাতির উদ্দেশে ভাষণে তিনি ২১ দিনের জন্য লকডাউন ঘোষণা করেন। গত ১৪ এপ্রিলে মোদী ফের লকডাউনের সময়সীমা ৩ মে পর্যন্ত বাড়ান। এরপর চলতি মাসের প্রথম দিন আরেক ভাষণে তিনি লকডাউনের মেয়াদ ১৭ মে পর্যন্ত বাড়িয়েছিলেন।
