কোভিড-১৯: সামাজিক দূরত্ব বিধি না মানা বিশপের মৃত্যু
যুক্তরাষ্ট্রে নভেল করোনাভাইরাস মহামারীর সময় ধর্মীয় সমাবেশের ঝুঁকির বিষয়ে জানানো সতর্কবার্তা না মানা এক বিশপের মৃত্যু হয়েছে।
ভার্জিনিয়া অঙ্গরাজ্যের এই বিশপ ‘কারাগারে অথবা হাসপাতালে না গেলে’ গির্জায় প্রার্থনা সভা চালিয়ে যাওয়ার শপথ করেছিলেন, শেষ পর্যন্ত কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে শনিবার রাতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বলে জানিয়েছে চেস্টারফিল্ডের নিউ ডেলিভারেন্স ইভানজেলিস্টিক গির্জা।
চেস্টারফিল্ডে এই গির্জাটির প্রতিষ্ঠাতা ও যাজক ছিলেন ৬৬ বছর বয়সী বিপশ জেরাল্ড ও. গ্লেন।
ডেলিভারেন্স ইভানজেলিস্টিক গির্জা কর্তৃপক্ষের মুখপাত্র ব্রায়ান নেভাস ইস্টারের ধর্মীয় বক্তৃতা দেওয়ার সময় বিপশ গ্লেনের মৃত্যুর কথা ঘোষণা করেন।
বিপশ গ্লেনের ৬৫ বছর বয়সী স্ত্রী মাদার মারশিয়েশা গ্লেনও করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে তাদের কন্যা মারগেরি ক্রাওলি জানিয়েছেন।
বিপশ গ্লেনের মৃত্যুতে ভার্জিনিয়ার সিনেটর টিম কেইনও শোক জানিয়েছেন।
পোপ ফ্রান্সিস থেকে শুরু করে স্থানীয় যাজকরাও যখন সামাজিক দূরত্ব বিধি মেনে চলছেন তখন সেই বিধি অস্বীকার করে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেলেন বিশপ গ্লেন।
তার মতো আরও কয়েকজন গির্জা প্রধান গভর্নর ও জনস্বাস্থ্য কর্মকর্তাদের আবেদন অগ্রাহ্য করে গির্জার কার্যক্রম অব্যাহত রেখেছিলেন।
গত মাসে শতাধিক উপাসক নিয়ে প্রার্থনা চালানোর পর ফ্লোরিডায় পেন্টাকোস্টাল মেগাচার্চের এক যাজককে গ্রেপ্তার করা হয়।
১৭ মার্চ ভার্জিনিয়ার গভর্নর রাল্ফ এস. নরর্থহ্যাম সামাজিক দূরত্ব বজায় রাখার ফেডারেল গাইডলাইন অনুযায়ী ভার্জিনিয়াবাসীকে ১০ জনের বেশি সমবেত না হওয়ার আহ্বান জানিয়েছিলেন।
কিন্তু ২২ মার্চ এক ধর্মীয় সভার আয়োজন করে বিশপ গ্লেন তা অগ্রাহ্য করেন। তার গির্জার ওই সমাবেশে কয়েক ডজন অনুসারী সমবেত হয়েছিলেন।
স্থানীয় গণমাধ্যমে প্রকাশিত উদ্ধৃতি অনুযায়ী এই সমাবেশে বিশপ গ্লেন বলেন, “ব্যাপক শঙ্কার কারণ হওয়া এই ভাইরাসের চেয়ে ঈশ্বর অনেক বড় বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি।”
‘কারাগারে বা হাসপাতালে না থাকলে’ প্রার্থনা সভা চালিয়ে যাবেন, বিশপ গ্লেন এমনটি বলেছিলেন বলে জানিয়েছে তারা।
