‘গুলি ঢুকছিল শরীরে, টের পাচ্ছিলাম’
“বিশ্বাস করেন, আমি আশা ছেড়ে দিয়েছিলাম। লোকটা এলো আর স্রেফ গুলি করতে লাগল। আমার চোখের সামনে… আমি টের পাচ্ছিলাম, একটা গুলি ঢুকল, দুইটা গুলি, তারপরেরটা ঢুকল এই পেটে। মনে হচ্ছিল, এখন, এইখানে আমার মৃত্যু হবে।”
শেখ হাসান রুবেল ভাগ্যবান, তিনটি গুলি শরীরে নিয়েও তিনি বেঁচে গেছেন।
এক বছর আগে নিউ জিল্যান্ডের ক্রাইস্টচার্চের আল নূর মসজিদে সেই বিভীষিকাময় হত্যাযজ্ঞের স্মৃতি বার্তা সংস্থা রয়টার্সকে বলছিলেন বাংলাদেশের গাজীপুরের ছেলে রুবেল।
গত বছর ১৫ মার্চ জুমার নামাজের সময় ক্রাইস্টচার্চের দুটি মসজিদে ঢুকে ৫১ জনকে গুলি চালিয়ে হত্যা করে শ্বেত শ্রেষ্ঠত্ববাদী এক সন্ত্রাসী।
নিহতদের মধ্যে পাঁচজন ছিলেন বাংলাদেশি। রুবেলের মত আরও দুই বাংলাদেশিকে হাসপাতালে চিকিৎসা নিতে হয়েছে দীর্ঘদিন।
৩৫ বছর বয়সী রুবেল পেশায় একজন অ্যাকাউন্টেন্ট। প্রাণে বেঁচে গেলেও সেই ঘটনা তার শরীর আর মনে রেখে গেছে স্থায়ী ক্ষতচিহ্ন।
স্ত্রী আফসানা আনজুমান আর দুই মেয়েকে নিয়ে রুবেল ক্রাইস্টচার্চে আছেন ২০১৫ সাল থেকে। রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, আল নূর মসজিদে সেদিন যখন গুলি শুরু হল, তখনও তিনি স্ত্রী-সন্তানের কথাই শুধু ভাবছিলেন।
“শুক্রবার তো অফিস খোলা, আর আমরা দুজনেই চাকরি করি। আমার স্ত্রীর অফিস শেষ হবে রাত ৮টায়। মেয়েকে ডে কেয়ার থেকে বাড়ি নিয়ে যাওয়ার কথা ছিল আমার। গুলি খাওয়ার পর মনে হচ্ছিল, হায় খোদা, আমি এখানে পড়ে আছি, মরে যাচ্ছি, আমার মেয়টার কী হবে, ও বাসায় ফিরবে কীভাবে!”
“এখন আমার কেবল মনে হয়, এই বুঝি আবার কিছু ঘটল…। হয়ত স্ত্রীকে নিয়ে গাড়িতে উঠছি, তখনও আমার মনে হয়, এখনই হয়ত কোনো অ্যাক্সিডেন্ট…।”
৫১ জনকে হত্যা আর রুবেলের মত বহু মানুষকে যে লোকটি সেদিন গুলি করেছিল, আসছে জুনে তার বিচার শুরু হবে নিউ জিল্যান্ডের আদালতে।
রুবেল বলেন, “আমি জানি না, কখনো তাকে মন থেকে ক্ষমা করতে পারব কি না।”
