২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ক্রাইস্টচার্চে হামলার বছরপূর্তির আগেও ঘৃণা-বিদ্বেষের বিরুদ্ধে লড়ছে নিউ জিল্যান্ড

ক্রাইস্টচার্চের দুটি মসজিদে নির্বিচারে গুলিবর্ষণের বছরপূর্তির কয়েকদিন আগেও নিউ জিল্যান্ডে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে মুসলিম ধর্মাবলম্বী ও তাদের মসজিদে আরও হামলার হুমকি দেয়া হয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Mar 2020, 05:00 PM

Updated : 08 Apr 2022, 12:27 AM

এনক্রিপটেড মেসেজিং অ্যাপে পাঠানো একটি ছবিতে চোখ আর ঠোঁটের অংশ ছাড়া মুখমণ্ডলের পুরোটা ঢাকা বালাক্লাভা ক্যাপ পরিহিত এক ব্যক্তিকে গত বছর হামলার শিকার একটি মসজিদের সামনে দাঁড়ানোর অবস্থায় দেখা গেছে; তার সঙ্গে ছিল হুমকি ও বন্দুকের ইমোজি।

গত বছর ১৫ মার্চ জুমার নামাজের সময় দুটি মসজিদে সন্দেহভাজন এক শ্বেত শ্রেষ্ঠত্ববাদীর ওই ভয়াবহ হামলার পর থেকে নিউ জিল্যান্ডে ঘৃণা ও বিদ্বেষমূলক অপরাধ এবং অভিবাসীদের অপছন্দ ও তাদের নিয়ে আতঙ্ক ছড়ানোর পরিমাণ যেভাবে বাড়ছে, মেসেজিং অ্যাপের মাধ্যমে হুমকিকে সেসবরেই সর্বশেষ নজির বলছে বার্তা সংস্থা রয়টার্স।  

ব্রেন্টন টারান্ট নামের সন্দেহভাজন ওই বন্দুকধারী কেবল আধা-স্বয়ংক্রিয় আগ্নেয়াস্ত্র দিয়ে নির্বিচারে গুলিই চালায়নি; মসজিদে হামলার পুরো ঘটনা ফেইসবুকে লাইভ করে ছড়িয়েও দিয়েছে। 

অস্ট্রেলীয় নাগরিক টারান্টের বিরুদ্ধে আল নূর মসজিদ ও লিনউড ইসলামিক সেন্টারে হামলা, হত্যার ৯২টি অভিযোগ আনা হয়েছে। চলতি বছরের জুন থেকে নিজেকে নির্দোষ দাবি করা এ তরুণের বিচার শুরু হওয়ার কথা।

মসজিদে হামলার পরপরই নিউ জিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা অ’ডুর্ন ও তার সরকার দেশটির মুসলমান সম্প্রদায়ের প্রতি সহমর্মিতা ও ভালোবাসা নিয়ে পাশে দাঁড়ায়। কয়েক মাসের মধ্যেই দেশটিতে অস্ত্র নিয়ন্ত্রণে কঠোর আইন হয়।

অনলাইনে ঘৃণা-বিদ্বেষ ছড়ানো রুখতে তার আন্দোলন ও এ সংক্রান্ত একের পর এক পদক্ষেপও বিশ্বজুড়েই প্রশংসিত হয়।

তবে কেবল ঘৃণা ও বিদ্বেষমূলক হামলার বিরুদ্ধে জনমত বৃদ্ধিই নয়, গত বছরের ক্রাইস্টচার্চের ওই হামলার পর থেকে অনলাইন-অফলাইন দুই জায়গাতেই কট্টর ডানপন্থি জাতীয়তাবাদী ও অভিবাসীবিরোধী গোষ্ঠীগুলোর তৎপরতা বেড়েছে বলে মুসলিম নেতা, অ্যাক্টিভিস্ট ও বিশেষজ্ঞরা জানিয়েছেন।

“যারা ঘৃণা ছড়াতে চায় ওই হামলা তাদেরও উৎসাহিত করেছে,” বলেছেন নিউ জিল্যান্ডের ইসলামিক উইমেনস কাউন্সিলের আনজুম রহমান।

নিউ জিল্যান্ডে মুসলিম নারীদের ওপর ক্রমবর্ধমান হুমকি এবং উগ্র ডানপন্থিদের উত্থান নিয়ে গত কয়েক বছর ধরেই এ কাউন্সিল সরকারকে সতর্ক করে আসছিল।

আনজুম জানান, তিনি সম্প্রতি মেসেজিং অ্যাপ টেলিগ্রামে ছড়িয়ে পড়া ওই হুমকির ছবি পুলিশকে দিয়েছেন।

ঘটনার সঙ্গে সংশ্লিষ্টতার সন্দেহে পুলিশ ১৯ বছর বয়সী একজনকে আটকও করেছে। চলতি মাসের শেষদিকে তাকে আদালতে হাজির করা হবে বলেও জানিয়েছে তারা।

আটক তরুণ শ্বেত জাতীয়তাবাদী গোষ্ঠী অ্যাকশন জিল্যান্ডিয়ার সঙ্গে জড়িত বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যমগুলো।

গত বছরের জুলাইয়ে যাত্রা শুরু করা এ জাতীয়তাবাদী গোষ্ঠী তাদের ওয়েবসাইটে ‘ইউরোপিয়ান নিউ জিল্যান্ডারদের জন্য একটি কমিউনিটি গড়ে তোলার’ ওপর জোর দিয়েছে বলে রয়টার্স জানিয়েছে। 

আটক তরুণের কর্মকাণ্ডের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগ অস্বীকার করেছে অ্যাকশন জিল্যান্ডার।

“অপরিপক্ক ও অনুৎপাদনশীল কাজ; আমরা লক্ষ্যে পৌঁছাতে সহিংসতাকে ব্যবহার করি না,” বিবৃতিতে বলেছে সংগঠনটি।

অ্যাকশন জিল্যান্ডারের মতো ৬০ থেকে ৭০ গোষ্ঠী নিউ জিল্যান্ডে এ ধরনের বর্ণবাদী ও বিদ্বেষমূলক ভাবনার প্রসার ঘটাচ্ছে বলে মন্তব্য করেছেন ম্যাসি ইউনিভার্সিটির পল স্পুনলি।

তার এ বক্তব্যের সুর শোনা গেছে নিউ জিল্যান্ডের গোয়েন্দা প্রধান রেবেকা কিটেরিজের কথাতেও।

গত মাসে অ’ডুর্নের সভাপতিত্বে সংসদীয় এক কমিটির বৈঠকে রেবেকা জানান, ক্রাইস্টচার্চে মসজিদে হামলার পর থেকে কট্টর ডানপন্থিরা চ্যালেঞ্জ হিসেবে আবির্ভূত হয়েছে।

যে কোনো মুহুর্তে হুমকি হয়ে আবির্ভূত হতে পারে এমন ৩০ থেকে ৫০ জন গোয়েন্দা সংস্থার নজরদারিতে আছে বলেও জানিয়েছিলেন তিনি।