২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিরিয়ায় ‘রাশিয়াকে সরে দাঁড়াতে’ বলেছেন তুরস্কের এরদোয়ান

চলতি সপ্তাহে সিরিয়ার উত্তরপশ্চিমাঞ্চলীয় প্রদেশ ইদলিবে সরকারি বাহিনীর হামলায় তুরস্কের ৩৪ সৈন্য নিহত হওয়ার পর সিরিয়ায় রাশিয়াকে সরে দাঁড়াতে বলেছে আঙ্কারা।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Feb 2020, 07:47 PM

Updated : 08 Apr 2022, 12:24 AM

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, সিরিয়ার সরকারি বাহিনীকে এককভাবে তুরস্কের মোকাবিলা করতে দিতে রাশিয়াকে সরে যাওয়ার জন্য প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে বলেছেন বলে শনিবার জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট তায়িপ এরদোয়ান। 

বিদ্রোহীদের নিয়ন্ত্রণে থাকা ইদলিব পুনরুদ্ধারের জন্য সম্প্রতি রাশিয়ার বিমান শক্তির সমর্থন নিয়ে বড় ধরনের অভিযান শুরু করেছে সিরিয়ার সরকারি বাহিনী। ইদলিব তুরস্কের সমর্থিত বিদ্রোহীদের নিয়ন্ত্রণে থাকা সিরিয়ার শেষ ভূখণ্ড।

রয়টার্স জানিয়েছে, উত্তেজনা প্রশমণে আঙ্কারা ও মস্কোর সৌজন্যে শুরু হওয়া কূটনৈতিক প্রচেষ্টা ব্যর্থ হওয়ার পর যেকোনো সময়ের চেয়ে যুদ্ধক্ষেত্রে রাশিয়ার সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ার অনেক কাছে চলে এসেছে তুরস্ক।

শুক্রবার ইদলিবের সারাকেব শহরের কাছে সিরিয়ার সরকারি বাহিনীর মিত্র হিজবুল্লাহ গেরিলাদের সদরদপ্তরে ড্রোন ও স্মার্ট ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে তুরস্ক। এতে ইরান সমর্থিত গোষ্ঠী হিজবুল্লাহর নয় সদস্য নিহত ও ৩০ জন আহত হয়েছে।

এটি সিরিয়ায় হিজবুল্লাহর ওপর সবচেয়ে প্রাণঘাতী হামলাগুলোর একটি বলে দামেস্ক সমর্থিত আঞ্চলিক জোটের এক কমান্ডারের ভাষ্য।  

গত ২৪ ঘণ্টায় তুরস্কের হামলায় দামেস্কপন্থি মোট ৪৮ জন সেনা নিহত হয়েছে বলে লন্ডনভিত্তিক পর্যবেক্ষক গোষ্ঠী সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে।

ইস্তাম্বুলে এক বৈঠকে এরদোয়ান জানান, এক ফোন কলে পুতিনকে তিনি একপাশে সরে দাঁড়াতে এবং তুরস্ককে সিরিয়া সরকারের সঙ্গে এককভাবে ‘যা করা দরকার তা করতে দিতে’ বলেছেন। 

তুরস্কের এখনই সিরিয়া ছাড়ার কোনো পরিকল্পনা নেই বলে জানান তিনি।

“(সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের) দাওয়াত পেয়ে আমরা সেখানে যাইনি, আমরা গিয়েছি কারণ সিরিয়ার জনগণ আমাদের আমন্ত্রণ জানিয়েছে। সিরিয়ার জনগণ, ‘ঠিক আছে, কাজটি হয়েছে,’ বলা না পর্যন্ত আমাদের ছেড়ে আসার কোনো পরিকল্পনা নেই,” বলেন এরদোয়ান। 

উত্তেজনা বাড়ার পর থেকে রাশিয়া ও তুরস্ক তিনবার আলোচনায় বসেছে, প্রথম দুই বৈঠক থেকে অস্ত্রবিরতির বিষয়ে কোনো সিদ্ধান্ত আসেনি।

শনিবার রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, চলতি সপ্তাহের বৈঠকে ইদলিবে সামরিক পদক্ষেপ অব্যাহত রেখে উত্তেজনা হ্রাস করার বিষয়ে দুপক্ষের মধ্যে সমঝোতা হয়েছে। 

বৃহস্পতিবার সিরিয়ার সরকারি বাহিনীর বিমান হামলায় তাদের সৈন্য নিহত হওয়ার পর তুরস্ক জানায়, তাদের এখানে থাকা অভিবাসীদের ইউরোপে যাওয়ার জন্য সীমান্ত খুলে দিবে তারা। 

শনিবার ইস্তাম্বুলে এরদোয়ান জানান, ১৮ হাজার অভিবাসী সীমান্ত অতিক্রম করেছে এবং এই সংখ্যা শনিবারই ২৫ হাজার থেকে ৩০ হাজারে পৌঁছে যেতে পারে।

তবে তিনি নিজের দেওয়া তথ্যের পক্ষে কোনো প্রমাণ দাখিল করেননি বলে জানায় রয়টার্স।

শনিবার তুরস্কের গ্রিস সীমান্তে জড়ো হওয়া অভিবাসীরা তাদের গ্রিসে প্রবেশের করতে দেওয়ার দাবিতে বিক্ষোভ করার সময় তাদের লক্ষ্য করে কাঁদুনে গ্যাস ছোড়ে গ্রিস পুলিশ।

এরদোয়ান বলেন, “আসছে দিনগুলোতেও আমরা (সীমান্ত) গেইটগুলো বন্ধ করবো না আর এটি অব্যাহত থাকবে। কেন? ইউরোপী ইউনিয়কে (ইইউ) তার প্রতিশ্রুতি রাখতে হবে। আমরা এতো শরণার্থীকে পালতে, খাওয়াতে পারবো না।”

শরণার্থীদের জন্য তুরস্ককে হস্তান্তর করা ইইউয়ের তহবিল খুব ধীরে ধীরে আসছে বলেও অভিযোগ করেছেন তিনি।