২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাগদাদে বিক্ষোভকারীদের ওপর গুলি, নিহত ৫

ইরাকের রাজধানী বাগদাদে সরকার বিরোধী বিক্ষোভ-মিছিলে নিরাপত্তা বাহিনীর গুলিতে অন্তত ৫ জন নিহত হয়েছে।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 04 Nov 2019, 09:56 PM

Updated : 08 Apr 2022, 04:58 PM

রয়টার্সের এক প্রত্যক্ষদর্শী সাংবাদিক সোমবার একথা জানিয়েছেন।

তিনি দেখেছেন, গুলিতে নিহত এক ব্যক্তির লাশ বিক্ষোভকারীরা বয়ে নিয়ে যাওয়ার সময় বাগদাদের আহরার সেতুর কাছে তাদের ওপর নিরাপত্তা বাহিনী তাজা গুলি ছোড়ে।

এ ঘটনায় অন্তত চারজনকে নিহত হতে দেখার কথা জানান রয়টার্সের এক ক্যামেরাম্যান। তবে নিরাপত্তা বাহিনী এবং চিকিৎসাকর্মীরা নিহতের সংখ্যা চার উল্লেখ করেছে এবং ৩৪ জন আহত হয়েছেন বলে জানিয়েছে।

তবে কেবল একজনই গুলিতে নিহত হয়েছে বলে তারা নিশ্চিত করে জানিয়েছেন। অন্য দুইজনের মৃত্যুর কারণ রাবার বুলেট ও টিয়ার গ্যাস এবং চতুর্থজন কীভাবে মারা গেলেন সে ব্যাপারে কিছু জানাননি তারা।

ইরাকের প্রধানমন্ত্রীর এক মুখপাত্র বলেছেন, একদল বিক্ষোভকারী সেতু পার হয়ে একটি রেস্তোঁরায় আগুন দেয়। আইন শৃঙ্খলা বাহিনী তখন এ পরিস্থিতি সামাল দিয়েছে। এ বিষয়ে বিস্তারিত আর কিছু বলেননি মুখপাত্র।

রোববার ইরাকের কারবালায় ইরানের কনস্যুলেট প্রাঙ্গনে বিক্ষোভকারীদের ভাংচুর এবং আগুন ধরিয়ে দেওয়ার চেষ্টার সময় পুলিশের গুলিতে তিন বিক্ষোভকারী নিহতের ঘটনার পর সোমবার নতুন করে বিক্ষোভকারী নিহতের এ খবর এল।

কর্মসংস্থান সংকট দূর করা, সরকারের দুর্নীতি বন্ধসহ সরকারি সেবার মান বাড়ানোর দাবিতে গত ১ অক্টোবর থেকে বাগদাদে মানুষের আন্দোলন-বিক্ষোভ তীব্র হচ্ছে।

গত  শনিবারের বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর হাতে এক বিক্ষোভকারী নিহত ও ৯১ জন আহত হওয়ার পর আন্দোলনে তীব্রতা বেড়েছে। 

পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষে এ পর্যন্ত আড়াইশর বেশি মানুষ নিহত হয়েছে।