বাগদাদের গ্রিন জোন অভিমুখে বিক্ষোভকারীদের পদযাত্রা, নিহত ১
ইরাকের রাজধানী বাগদাদের গ্রিন জোন অভিমুখে পদযাত্রা করেছে বিক্ষোভকারীরা। বিক্ষোভ দমাতে নিরাপত্তা বাহিনীর ছোড়া টিয়ার গ্যাসের ক্যানিস্টারে মুখে আঘাত পেয়ে এক বিক্ষোভকারীর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পুলিশ এবং চিকিৎসকরা।
বেকারত্ব বেড়ে যাওয়া, অপ্রতুল সরকারি সেবা এবং দুর্নীতিকে কেন্দ্র করে গত ১ অক্টোবর থেকে ইরাকের রাজধানী বাগদাদে বিক্ষোভ শুরু হয়ে আরো অনেক শহরে তা ছড়িয়ে পড়ে। নিরাপত্তা বাহিনী বিক্ষোভ দমন করতে অগ্রসর হলে তাদের সঙ্গে বিক্ষোভকারীদের তুমুল সংঘর্ষ বাধে।
শুক্রবার গ্রিনজোন অভিমুখে পদযাত্রায় সর্বশেষ সহিংসতায় একজন বিক্ষোভকারী নিহত এবং ২শ’র বেশি মানুষ আহত হয়েছে। জনগণের জীবনযাত্রামান উন্নয়নে দুর্নীতিগ্রস্ত কর্মকর্তা ও রাজনীতিবিদদের দায়ী করেছে বিক্ষোভকারীরা।
শুক্রবারের বিক্ষোভ সরকার এবং নিরাপত্তা বাহিনী কিভাবে সামাল দিচ্ছে তা দেশটির স্থিতিশীলতার ক্ষেত্রে এক অগ্নিপরীক্ষা।
এদিন বাগদাদের তাহরির স্কয়ারে জড়ো হওয়া বিক্ষোভকারীদের একজন বলেছেন, “আমাদের দাবি গোটা সরকারের পদত্যাগ, সব রাজনৈতিক দলের বিলুপ্তি, একটি ভাল জীবন। আমরা এসবের জন্য এখানে শান্তিপূর্ণভাবে বিক্ষোভ করতে এসেছি।”
শত শত বিক্ষোভকারী শুক্রবার নগরীর কড়া নিরাপত্তাধীন গ্রিনজোনের দিকে পদযাত্রা করার চেষ্টা নেয়। এ সময় তাদের বাধা দেয় নিরাপত্তা বাহিনী।
