২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হংকংয়ের ব্রিটিশ কনসুলেট কর্মকর্তাকে ছেড়ে দিয়েছে চীন

হংকংয়ে অবস্থিত ব্রিটিশ কনসুলেটের যে কর্মকর্তাকে চীনের মূল ভূখণ্ডের সীমান্ত থেকে আটক করা হয়েছিল, তাকে ছেড়ে দেয়ার কথা জানিয়েছে শেনঝেন পুলিশ।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Aug 2019, 01:18 PM

Updated : 08 Apr 2022, 04:37 PM

গত ৮ অগাস্ট থেকে সিমন চ্যাং নামের ওই কর্মকর্তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। তার আটকের খবরে ‘গভীর উদ্বেগ’ জানিয়েছিল যুক্তরাজ্য। 

জননিরাপত্তা সংক্রান্ত আইন লংঘনের দায়ে ১৫ দিন আটকে রাখার পর চ্যাংকে ছেড়ে দেয়ার বিষয়টি চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ও নিশ্চিত করেছে বলে জানিয়েছে বিবিসি।

তিন মাস ধরে চলা হংকংয়ে সরকারবিরোধী বিক্ষোভের মধ্যেই ব্রিটিশ কনসুলেটের এ কর্মকর্তাকে আটক করা হয়েছিল।

বিচারের জন্য বাসিন্দাদের চীনের মূল ভূখণ্ডে পাঠানোর সুযোগ রেখে আইন সংশোধনের একটি বিতর্কিত বিলকে ঘিরে ওই বিক্ষোভের সূত্রপাত হয়।

হংকংয়ের বেইজিংঘনিষ্ঠ সরকার বিলটি পাসের পরিকল্পনা থেকে সরে এলেও আন্দোলনকারীদের শান্ত করা যায়নি। তারা এখন শহরটিতে আরও গণতান্ত্রিক সংস্কার ও সরকারবিরোধী বিক্ষোভে পুলিশি হামলার তদন্তের দাবিতে বড় বড় বিক্ষোভ করছে।

আয়োজকরা গত সপ্তাহের রোববারের একটি বিক্ষোভে প্রায় ১৭ লাখ মানুষ অংশ নিয়েছে বলে জানালেও হংকংয়ের পুলিশ সেদিন সোয়া লাখ বিক্ষোভকারীর উপস্থিতির দাবি করেছে।

সামাজিক যোগাযোগমাধ্যম উইবুতে শেনঝেনের পুলিশ আইনি সুরক্ষা বহাল রেখেই চ্যাংকে নির্ধারিত সময়ে মুক্তি দেওয়া হয়েছে বলে জানায়।

২৮ বছর বয়সী চ্যাং হংকংয়ের ব্রিটিশ কনসুলেটের স্কটিশ ডেভেলপমেন্ট ইন্টারন্যাশনাল সেকশনের বাণিজ্য ও বিনিয়োগ বিষয়ক কর্মকর্তা বলে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম এইচকেএফপি।

হংকংয়ে ফেরার আগে তিনি তাইওয়ান ও যুক্তরাজ্যে পড়াশোনা করেছেন। ব্যবসা সংক্রান্ত এক অনুষ্ঠানে অংশ নিতে ৮ অগাস্ট তিনি লো উ সীমান্ত দিয়ে তিনি শেনঝেন যান।

ট্রেনে চেপে সেদিনই চলে আসার কথা থাকলেও তিনি হংকং ফেরেননি বলে তার বান্ধবী জানান।

ব্রিটিশ কনসুলেটের এ কর্মকর্তার আটক হওয়ার গুঞ্জন ছড়িয়ে পড়লে কানাডা তাদের হংকং কনসুলেটের কর্মীদের চীনের মূল ভূখণ্ডে যাওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা দেয়।

দেশটি হংকং এবং চীনের মূল ভূখণ্ডের সীমান্তে মোবাইল ফোনে বিস্তৃত চেকিংয়ের মুখে পড়তে হতে পারে জানিয়ে নাগরিকদের চীনে ভ্রমণে সতর্ক হওয়ারও পরামর্শ দিয়েছে।

পুরনো খবর:

হংকংয়ে ব্রিটিশ কনসুলেটের কর্মকর্তা ‘চীন সীমান্তে আটক’