২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ড্রোন আকাশসীমা লঙ্ঘনের অকাট্য প্রমাণের দাবি ইরানের

এ সপ্তাহে ভূপাতিত করা মার্কিন চালক বিহীন গোয়েন্দা বিমান ‘ড্রোন’ এর আকাশসীমা লঙ্ঘন করার অকাট্য প্রমাণ আছে বলে দাবি করেছে ইরান।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jun 2019, 09:33 PM

Updated : 08 Apr 2022, 04:20 PM

ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বৃহস্পতিবার রাতে সুইস রাষ্ট্রদূতকে এ প্রমাণ থাকার কথা বলেছেন।

“এমনকী ওই ড্রোনের ধ্বংসাবশেষের কিছু অংশ ইরানের জলসীমা থেকে উদ্ধার করা হয়েছে” বলেও সুইস রাষ্ট্রদূতকে জানান আরাগচি।

এক বিবৃতিতে ইরানের পররাষ্ট্রমন্ত্রণালয় একথা জানিয়েছে। সুইজারল্যান্ড ইরানে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিত্ব করছে।

মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ড্রোন ভূপাতিতের জেরে ইরানে হামলার নির্দেশ দিয়ে তা ফিরিয়ে নেয়ার মধ্যেই দেশটি এ প্রমাণ থাকার কথা বলল।

এএফপি জানায়, ইরানের পররাষ্ট্রমন্ত্রণালয় বলেছে, আরাগচি মার্কিন বাহিনীকে ইরানের আকাশ এবং জলসীমাকে শ্রদ্ধা দেখানো এবং আন্তর্জাতিক নিয়মবিধি পরিপূর্ণভাবে মেনে চলার আহ্বান জানিয়েছেন।

আরাগচি এও বলেছেন, “পারস্য উপসাগরে ইরান যুদ্ধ ও সংঘাত চায় না। তবে কোনো আগ্রাসনের ক্ষেত্রে ইরান নিজ ভূখণ্ড রক্ষায়ও কোনো দ্বিধা করবে না।”

এর আগে ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাভাদ জারিফ বলেছিলেন, যুক্তরাষ্ট্রের ড্রোন ইরানের অংশে অনুপ্রবেশ করেছে- এ অভিযোগ নিয়ে তারা জাতিসংঘে যাবেন।

তবে যুক্তরাষ্ট্র ড্রোনের ইরানি আকাশসীমা লঙ্ঘনের অভিযোগ অস্বীকার করেছে। ড্রোনটি আন্তর্জাতিক আকাশসীমায় থাকার সময় ইরান ‘বিনা উস্কানিতে’ এর ওপর হামলা করেছে বলে অভিযোগ করেছে যুক্তরাষ্ট্র।

পুরনো খবর:

ড্রোন ভূপাতিত করে যুক্তরাষ্ট্রকে সতর্ক করল ইরান
ড্রোন ভূপাতিত করে ইরান খুবই বড় ভুল করেছে: ট্রাম্প