ড্রোন ভূপাতিত করে যুক্তরাষ্ট্রকে সতর্ক করল ইরান
ইরানের বিরুদ্ধে কোনোরকম আগ্রাসনের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রকে সতর্ক করে দিয়েছে দেশটির রেভল্যুশনারি গার্ড বাহিনী (আইআরজিসি)।
রাষ্ট্রীয় টিভিতে বৃহস্পতিবার রেভল্যুশনারি গার্ডের কমান্ডার ইন চীফ হুসেইন সালামি বলেছেন, মার্কিন চালক বিহীন গোয়েন্দা বিমান ‘ড্রোন’ ভূপাতিত করে ইরানের ঘোর শত্রু যুক্তরাষ্ট্রকে ‘পরিষ্কার বার্তা’ দেওয়া হয়েছে।
তিনি বলেন, “আমাদের সীমান্তই হচ্ছে ইরানের চরম সীমা (রেড লাইন) এবং আমরা কোনোরকম আগ্রাসনের বিরুদ্ধে কঠোর প্রতিক্রিয়া জানাব...ইরান কোনো দেশের সঙ্গে যুদ্ধে যাবে না। তবে আমরা ইরানকে রক্ষা করতে পুরোপুরি প্রস্তুত।”
এর আগে ইরানের রেভল্যুশনারি গার্ড বৃহস্পতিবারই একটি মার্কিন ‘গুপ্তচর’ ড্রোন ভূপাতিত করার দাবি করে। ইরানের হুরমুজগান প্রদেশের উত্তরাঞ্চলে এ হামলার কথা জানায় ইরানের আইআরজিসি’র ওয়েবসাইট সেপাহ নিউজ।
ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনাও একই খবর জানিয়ে বলেছে, ভূপাতিত ড্র্র্রোনটি ছিল ‘আরকিউ-৪ গ্লোবাল হক’।
ইরানের দক্ষিণাঞ্চলে কুহমোবারক এলাকার কাছে আকাশসীমায় ঢুকে পড়ার কারণে ড্রোনটি ভূপাতিত করা হয়েছে বলে জানানো হয়েছে আইআরজিসি’র ওয়েবসাইটে।
যুক্তরাষ্ট্র ড্রোন ভূপাতিত হওয়ার কথা স্বীকার করলেও ইরানের আকাশসীমায় প্রবেশের দাবি নাকচ করে দিয়েছে।
