২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জাপানে কর্মক্ষেত্রে উঁচু হিলের বিরুদ্ধে আন্দোলন

জাপানে কর্মক্ষেত্রে নারীদের ‘ড্রেস কোড’ এবং উঁচু হিলের জুতা পরার প্রচলনের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে আন্দোলন গড়ে উঠেছে।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 04 Jun 2019, 10:46 PM

Updated : 08 Apr 2022, 04:16 PM

দেশটির হাজার হাজার নারী #কু টু আন্দোলনে যোগ দিচ্ছেন।

এছাড়া প্রায় ২০ হাজার জাপানি নারী এক অনলাইন পিটিশনে সরকারের কাছে কোম্পানিগুলোর নারী কর্মীদের ক্ষেত্রে উঁচু হিলের জুতা পরার বাধ্যবাধকতার উপর নিষেধাজ্ঞা আরোপের দাবি করেছেন।

ইউমি ইশিকাওয়া নামে এক নারী এ আন্দোলন শুরু করেন। তিনি বলেন, “কর্মক্ষেত্রে এ নিয়ম লিঙ্গ বৈষম্যের উদাহরণ।”

৩২ বছরে অভিনেত্রী ও ফ্রিল্যান্স লেখক ইশিকাওয়া সোমবার জাপানের স্বাস্থ্য মন্ত্রণালয়ে ওই পিটিশন জমা দেন।  তিনি আশা করছেন, এটা কর্মক্ষেত্রের পরিবেশ এবং লিঙ্গ বৈষম্য নিয়ে সচেতনতা বৃদ্ধিতে বড় ভূমিকা রাখবে।

পিটিশনে তিনি লেখেন, “কাজ শেষে সবাই স্নিকার বা ফ্ল্যাট জুতা পরেন।

“উঁচু হিলের জুতা পরার কারণে পায়ের পাতায় ব্যাথা, ফোস্কা পড়া এবং কোমরে টান ধরে। এটা পরে চলাফেলা করা কষ্টকর। আপনি দৌড়াতে পারবেন না এবং পায়ে ব্যাথা পাবেন। শুধু ভদ্রতার খাতিরে এটা করতে হচ্ছে।”

পুরুষদের এ ধরনের যন্ত্রণার মুখোমুখি হতে হয় না বলেও পিটিশনে উল্লেখ করেন তিনি।

যদিও দেশটির অনেক কোম্পানি কর্মক্ষেত্রে নারী কর্মীদের উঁচু হিলের জুতা পরতে বাধ্য করে না। কিন্তু বেশিরভাগ নারী দীর্ঘদিন ধরে চলে আসা প্রথা এবং সামাজিক প্রত্যাশা মেটাতে এটা করেন।