ইরানের ধাতব শিল্পে যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ফের নতুন করে ইরানে নিষেধাজ্ঞা আরোপের নির্দেশ দিয়েছেন। এবার তার লক্ষ্য ইরানের ধাতব শিল্প খাতের রপ্তানি রাজস্ব।
ইরান তাদের নীতির আমূল পরিবর্তন না ঘটানো পর্যন্ত তাদের ওপর চাপ বহাল রাখার অঙ্গীকার করেছে যুক্তরাষ্ট্র।
২০১৫ সালে ইরানের সঙ্গে স্বাক্ষরিত ছয় বিশ্বশক্তির পরমাণু চুক্তি থেকে গতবছর মে মাসেই একতরফাভাবে বেরিয়ে গেছে যুক্তরাষ্ট্র। চুক্তি থেকে এই সরে আসার বর্ষপূর্তির দিনেই ট্রাম্প ফের ইরানের ওপর এ নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিলেন।
ওই চুক্তির আওতায় ইরান তাদের ওপর নিষেধাজ্ঞা শিথিলের বিনিময়ে পরমাণু কর্মসূচি কমাতে রাজি হয়েছিল। কিন্তু যুক্তরাষ্ট্র এ চুক্তি থেকে বেরিয়ে গিয়ে ইরানের ওপর ফের পুরোনো সব নিষেধাজ্ঞা পুনর্বহাল করার পর তেহরান সম্প্রতি চুক্তির কিছু প্রতিশ্রুতি থেকে সরে আসার ঘোষণা দিয়েছে।
ইরানের এ ঘোষণার কয়েক ঘন্টার পরই যুক্তরাষ্ট্র নতুন নিষেধাজ্ঞা আরোপের ওই ঘোষণা দিল। ট্রাম্প নিষেধাজ্ঞার নির্বাহী আদেশ দেওয়ার আগে হোয়াইট হাউসের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেছিলেন, ওয়াশিংটনের উচিত তেহরানের ওপর খুব শিগগিরই আরো অর্থনৈতিক অবরোধ আরোপ করা এবং ইউরোপের উচিত ইরানের সঙ্গে ব্যবসা বন্ধ করা।
এবারে নতুন নিষেধাজ্ঞার নির্দেশ দিয়ে ট্রাম্প এক বিবৃতিতে বলেছেন, “আজ ধাতব শিল্প রপ্তানি থেকে আসা ইরানের রাজস্বকে লক্ষ্য করে পদক্ষেপ নেওয়া হয়েছে। ইরানের ১০ শতাংশ রপ্তানি অর্থনীতি এর আওতায় পড়ছে। আর অন্যান্য দেশগুলোকেও এ নোটিশই দেওয়া হচ্ছে যে তাদের বন্দরে ইরানের স্টিল এবং অন্যান্য ধাতব পণ্য প্রবেশ আর সহ্য করা হবে না।”
“ইরান তাদের আচরণ আমূল বদলে না ফেলা পর্যন্ত তেহরানের ওপর আরো এমন পদক্ষেপ আরোপ হতেই থাকবে।”
