২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পরমাণু চুক্তি ভাঙলে মারাত্মক পরিণতি: ইরানকে পশ্চিমা বিশ্বের হুঁশিয়ারি

ইরান পরমাণু চুক্তির শর্ত ভঙ্গ করার পদক্ষেপ নিলে মারাত্মক পরিণতি ভোগ করবে বলে হুঁশিয়ার করেছে এ চুক্তিতে সামিল পশ্চিমা দেশগুলো।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 May 2019, 11:14 PM

Updated : 08 Apr 2022, 04:09 PM

২০১৫ সালে ছয় বিশ্বশক্তির সঙ্গে ইরানের স্বাক্ষরিত পরমাণু চুক্তি থেকে যুক্তরাষ্ট্র সরে গেলেও যুক্তরাজ্য, ফ্রান্স এবং জার্মানি বলেছে, ইরান প্রতিশ্রুতি পালন করে গেলে তারা এখনো চুক্তিটিকে সমর্থন দেবে।

ওই চুক্তির আওতায় ইরান নিষেধাজ্ঞা থেকে অব্যাহতি পাওয়ার বিনিময়ে তাদের পারমাণবিক কর্মসূচি কমাতে রাজি হয়েছিল। কিন্তু যুক্তরাষ্ট্র চুক্তিটি থেকে সরে এসে ইরানের ওপর পুরোনো সব নিষেধাজ্ঞা পুনর্বহাল করাসহ নতুন করে আরো নিষেধাজ্ঞা আরোপ করে চাপ বাড়াচ্ছে।

এ চাপের মুখে ইরান সম্প্রতি চুক্তির কিছু প্রতিশ্রুতি থেকে সরে আসার পদক্ষেপ নেওয়াতেই অন্যান্য পশ্চিমা দেশগুলো তেহরানকে সতর্ক করল।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের নতুন নিষেধাজ্ঞা আরোপ নীতির কারণে ইরানের অর্থনীতি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। ইরানি মুদ্রার মানের রেকর্ড পতন হয়েছে এবং দেশটির বার্ষিক মুদ্রাস্ফীতির হারও কয়েকগুন বেড়েছে।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাভাদ জারিফ বলেছেন, চুক্তির আওতায় তারা তাদের অধিকার বলেই সর্বসাম্প্রতিক পদক্ষেপ নিয়েছে।

যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা থেকে ইরানকে বাঁচানোর জন্য দেশটি ইউরোপীয় দেশগুলোকে ৬০ দিন সময়সীমা নির্ধারণ করে দিয়েছে। এর মধ্যে কাজ না হলে পরমাণু অস্ত্র তৈরির উপযোগী উচ্চ-সমৃ্দ্ধ ইউরেনিয়াম পুনরায় উৎপাদন শুরুর হুমকি দিয়েছে ইরান।

২০১৫ সালের ইরান পরমাণু চুক্তি থেকে যুক্তরাষ্ট্র এক বছর আগে বেরিয়ে গেলেও এ চুক্তিতে এখনো আছে যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি এবং চীন ও রাশিয়া।

যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী জেরেমি হান্ট বলেছেন, “ইরান সম্প্রতি যে পদক্ষেপ নিচ্ছে তা খুবই দুঃখজনক। আমরা ইরানকে বাড়াবাড়িরকমের আর কোনো পদক্ষেপ না নেওয়া এবং প্রতিশ্রুতি পূরণে অবিচল থাকার আহ্বান জানাচ্ছি।”

“ইরান তাদের পরমাণু চুক্তির প্রতিশ্রুতি পূরণ করা বন্ধ করে দিলে তাদেরকে অবশ্যই এর পরিণতি ভোগ করতে হবে,” বলেন তিনি।