আলজেরিয়ায় প্রেসিডেন্টকে সরানোর দাবিতে প্রভাবশালী দলের সমর্থন
আলজেরিয়ায় প্রেসিডেন্ট আব্দুলআজিজ বোতেফ্লিকাকে ক্ষমতা থেকে সরানোর সেনাবাহিনীর দাবিকে সমর্থন দিয়েছে ক্ষমতাসীন জোটের প্রভাবশালী শরিক দল ‘ন্যাশনাল র্যালি ফর ডেমোক্রেসি’ (আরএনডি)।
টেলিভিশনে এক ভাষণে মঙ্গলবার দেশটির আর্মি চীফ অব স্টাফ লেফ্টেন্যান্ট জেনারেল আহমেদ গায়েদ সালাহ প্রেসিডেন্টকে অপসারণ করা এবং তার স্থলে ৪৫ দিনের জন্য একটি তত্ত্বাবধায়ক সরকার গঠনের ডাক দেন।
বুধবার সেনাবাহিনীর এ ডাকেই সমর্থন জানাল সদ্য ক্ষমতা থেকে সরে দাঁড়ানো প্রধানমন্ত্রী আহমেদ ওউইয়াহিয়ার দল আরএনডি।
সেনাবাহিনী সংবিধানের ১০২ অনুচ্ছেদ ব্যবহার করে বোতেফ্লিকাকে ক্ষমতা থেকে সরাতে চাইছে। আলজেরিয়ার সংবিধানের ১০২ অনুচ্ছেদ অনুযায়ী, যদি বর্তমান প্রেসিডেন্ট দেশ পরিচালনায় অক্ষম হন তবে সাংবিধানিক পরিষদ প্রেসিডেন্টের পদ শূন্য ঘোষণা করতে পারবে।
উত্তর আফ্রিকার তেল ও গ্যাস সমৃদ্ধ দেশ আলজেরিয়ার রাজনীতিতে সেনাবাহিনী অত্যন্ত প্রভাবশালী। পার্লামেন্টের দ্বিতীয় সংখ্যাগরিষ্ঠ দল আরএনডি এখন তাদের সমর্থন দেওয়ায় স্পষ্টভাবেই তা বোতেফ্লিকার দিন ফুরিয়ে আসার ইঙ্গিত দিচ্ছে।
সুইজারল্যান্ডে বাস করা আলজেরিয়ার রাজনৈতিক বিশ্লেষক হাসনি আবিদি বলেন, “প্রেসিডেন্টের ক্ষমতা ছাড়ার আলোচনা ব্যর্থ হওয়ায় জটিল এ পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এটার কারণে গণতান্ত্রিকভাবে ক্ষমতা হস্তান্তরের পরিবর্তে এখন অভ্যূত্থানের মাধ্যমে ক্ষমতা দখলের আবহ তৈরি হয়েছে।”
টানা চাতুর্থবারের মত প্রেসিডেন্টের দায়িত্ব পালন করছেন ৮২ বছরের বোতেফ্লিকা। গত ফেব্রুয়ারিতে তিনি পঞ্চম মেয়াদের জন্য প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হওয়ার ঘোষণা দিলে দেশ জুড়ে তার বিরুদ্ধে বিক্ষোভ শুরু হয়।
ক্ষমতাসীন জোটের শরিক দলগুলোর মধ্যেও ক্ষোভ দাঁনা বাধতে থাকে। প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ান আহমেদ ওউইয়াহিয়া।
জন বিক্ষোভ জোরদার হতে শুরু করলে বাধ্য হয়ে আর নির্বাচনে প্রার্থী হবেন না বলে জানান বোতেফ্লিকা। তবে একই সঙ্গে তিনি বিক্ষোভের অজুহাতে আগামী এপ্রিলের প্রেসিডেন্ট নির্বাচন অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেন। যা পুনরায় বিক্ষোভ উসকে দেয়।
বয়স বেড়ে যাওয়ার কারণে দুর্বল হয়ে পড়া বোতেফ্লিকা ২০১৩ সালে স্ট্রোকের পর বেশ অসুস্থ হয়ে পড়েছেন। এমনকি তাকে বেশিরভাগ সময় হুইলচেয়ারে চলাফেরা করতে দেখা যায়। যদিও স্ট্রোকের পর তাকে জনসম্মুখে খুব কমই দেখা গেছে।
