প্রধানমন্ত্রী পদে থাই রাজকুমারীর মনোনয়ন পত্র বাতিল
‘রাজপরিবার রাজনীতির ঊর্ধ্বে বিবেচনায়’ প্রধানমন্ত্রী পদে রাজকুমারী উবোরাতানা রাজকন্যা সিরিভাধানা বার্ণাভাদিকে অযোগ্য ঘোষণা করেছে থাইল্যান্ডের নির্বাচন কমিশন।
সোমবার নির্বাচন কমিশন বিভিন্ন দল থেকে প্রধানমন্ত্রী প্রার্থী হওয়ার যোগ্য ব্যক্তিদের নামের তালিকা প্রকাশ করে। ওই তালিকায় ৬৭ বছরের রাজকুমারী উবোরাতানার নাম নেই।
থাইল্যান্ডের রাজা মাহা ভাজিরালংকর্ণের বড় বোন উবোরাতানা অতীত নজির ভেঙে আসন্ন জাতীয় নির্বাচনে ‘থাই রকসা চার্ট পার্টি’র একমাত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়ে হইচই ফেলে দিয়েছিলেন।
কিন্তু স্বয়ং রাজা ভাজিরালংকর্ণ বোনের নির্বাচনী লড়াইয়ে নামার ঘোর বিরোধিতা করেন। তিনি বলেন, রাজপরিবারের সদস্যদের ‘রাজনীতির ঊর্ধ্বে’ থাকা উচিত।
আগামী ২৪ মার্চ থাইল্যান্ডে জাতীয় নির্বাচন। প্রার্থীতা যাচাই-বাছাই বৈঠক শেষে নির্বাচন প্যানেলের পক্ষ থেকে সোমবার এক বিবৃতিতে বলা হয়, “রাজনৈতিকভাবে নিরপেক্ষ থাকতে যেহেতু রাজপরিবারকে রাজনীতির ঊর্ধ্বে থাকতে হবে এবং পরিবারের সব সদস্যদের জন্য একই নিয়ম প্রযোজ্য; তাই রাজকুমারী উবোরাতানাকে তালিকার বাইরে রাখা হয়েছে।”
নির্বাচনে সিনাওয়াত্রার দল ‘পুয়ে থাই পার্টি’ ও তাদের মিত্রদের সঙ্গে সেনাবাহিনী সমর্থিত ন্যাশনাল কাউন্সিল ফর পিস অ্যান্ড অর্ডারের (এনসিপিও) মধ্যে মূল লড়াই হবে।
থাইল্যান্ডের নির্বাসিত সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রার অনুসারীদের দল ‘থাই রকসা চার্ট পার্টি’ রাজকুমারীকে দলীয় প্রার্থী করে এখন নিজেরাই নিষেধাজ্ঞার মুখোমুখি হওয়ার হুমকিতে রয়েছে।
নির্বাচনী প্রচারে রাজপরিবারকে ব্যবহার করায় ‘থাই রক্ষা চার্ট পার্টি’র বিরুদ্ধে নির্বাচনী আইন লঙ্ঘনের অভিযোগ তুলে দলটিকে নিষিদ্ধ ঘোষণা করার দাবিতে পিটিশন দায়ের করা হয়েছে। তবে নির্বাচন প্যানেল এদিন ওই পিটিশনের জবাব দেয়নি।
এ বিষয়ে জানতে বার্তা সংস্থা রয়টার্স থেকে ‘থাই রকসা চার্ট পার্টি’র নেতাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হয়েছিল, কিন্তু কোনো জবাব পাওয়া যায়নি। দলটি সোমবার তাদের পূর্ব নির্ধারিত সংবাদ সম্মেলনও বাতিল করেছে।
থাইল্যান্ডে ১৯৩২ সাল থেকে সাংবিধানিক সরকার ব্যবস্থা চালু হলেও জনগণের কাছে রাজপরিবার অত্যন্ত সম্মানিত এবং এখনো বেশ প্রভাবশালী। বিশেষ করে কোনো রাজনৈতিক সংকট সামাধান রাজা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
যদিও দীর্ঘদিনের ঐতিহ্য অনুযায়ী থাই রাজপরিবার রাজনীতির বাইরেই থাকে।
