সোমালিয়ায় মার্কিন হামলায় ৯ ‘জঙ্গি’ নিহত
সোমালিয়ার জঙ্গিগোষ্ঠী আল শাবাবের অবস্থান লক্ষ্য করে চালানো বিমান হামলায় নয় জঙ্গি নিহত হয়েছে বলে জানিয়েছে মার্কিন সামরিক বাহিনী।
শুক্রবার সোমালিয়ার লেবেদে হামলাটি চালানো হয় বলে শনিবার রাতে দেওয়া এক বিবৃতিতে জানিয়েছে মার্কিন সামরিক বাহিনীর আফ্রিকা কমান্ড (আফ্রিকম), খবর বার্তা সংস্থা রয়টার্সের।
আল শাবাবকে দুর্বল করতে সোমালিয়ার সরকারের নেওয়া উদ্যোগের প্রতি সমর্থন জানাতে হামলাটি চালানো হয় বলে জানিয়েছে তারা।
বিবৃতিতে আফ্রিকম বলেছে, “ওই বিমান হামলায় নয় জঙ্গি নিহত হয়েছে, কোনো বেসামরিক এতে যুক্ত ছিল না।”
সোমালিয়ার জাতিসংঘ সমর্থিত সরকার বেশ কয়েক বছর ধরে আল শাবাবের বিদ্রোহ মোকাবিলায় লড়াই চালিয়ে যাচ্ছে। তাদের সহায়তা করতে যুক্তরাষ্ট্র মাঝে মাঝেই দেশটির বিদ্রোহীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে থাকে।
