খাশুগজিকে ‘ভয়ঙ্কর উগ্রবাদী’ বলেছিলেন সৌদি যুবরাজ
সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান হোয়াইট হাউজের সঙ্গে ফোনালাপে সাংবাদিক জামাল খাশুগজিক ‘ভয়ঙ্কর উগ্রবাদী’ এবং ‘মুসলিম ব্রাদারহুডের সদস্য’ হিসেবে বর্ণনা করেছিলেন, দাবি যুক্তরাষ্ট্রের গণমাধ্যমের।
ওয়াশিংটন পোস্ট ও নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়, খাশুগজি নিখোঁজ হওয়ার সপ্তাহখানেক পর যুবরাজ মোহাম্মদ হোয়াইট হাউজে ফোন করেছিলেন। তখনও সৌদি আরব এ হত্যাকাণ্ডের কথা স্বীকার করেনি।
তবে সৌদি আরব সরকার মার্কিন গণমাধ্যমের ওই খবরের সত্যতা স্বীকার করেনি বলে জানিয়েছে বিবিসি।
ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে বলা হয়, “গত ৯ অক্টোবর যুবরাজ মোহাম্মদ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জারেড কুশনার এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোলটনকে ফোন করেন।
“ফোনে তিনি খাশুগজিকে মিশরের নিষিদ্ধ ঘোষিত দল ‘মুসলিম ব্রাদারহুডের’ সদস্য বলে বর্ণনা করেন।”
যুবরাজ মোহাম্মদ ফোনে তাদেরকে দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সুরক্ষার অনুরোধও করেন বলে ওই প্রতিবেদনে দাবি করা হয়।
এদিকে খাশুগজির পরিবার ওয়াশিংটন পোস্টে দেওয়া এক বিবৃতিতে মুসলিম ব্রাদারহুডের সঙ্গে তার কোনো সম্পর্ক না থাকার কথা জানান।
বিবৃতিতে বলা হয়, “জামাল খাশুগজি কোনো দিক দিয়েই ভয়ঙ্কর ব্যক্তি ছিলেন না। এ ধরণের দাবি খুবই উদ্ভট।”
গত কয়েক বছরে খাশুগজি নিজেও কয়েকবার এ অভিযোগ অস্বীকার করেছেন।
শুরুতে অস্বীকার করলেও পরে সৌদি আরব হত্যার কথা স্বীকার করে। তবে এ হত্যাকাণ্ডে সৌদি রাজপরিবারের কোনো হাত নেই বলে দাবি তাদের। এ হত্যার পেছনের ‘প্রকৃত সত্য’ খুঁজে বের করার প্রতিজ্ঞা করেছে সৌদি আরব কর্তৃপক্ষ।
খাশুগজির মৃতদেহ এখনও খুঁজে পাওয়া যায়নি।
ব্যক্তিগত কিছু নথিপত্র সংগ্রহে কনসুলেট ভবনে প্রবেশের পর সৌদি নাগরিক খাশুগজিকে আর দেখা যায়নি। তিনি নিখোঁজ হওয়ার পর থেকেই দায়ী হিসেবে যুবরাজ মোহাম্মদের নাম বারবার এসেছে।
সৌদি আরব হত্যার দায় স্বীকার করার পর অনেকে প্রায় নিশ্চিত হয়েই হত্যার নির্দেশদাতা হিসেবে ক্রাউন প্রিন্সের নাম নিয়েছেন।
কিন্তু শুরু থেকেই এ বিষয়ে একদম নিরব ছিলেন যুবরাজ মোহাম্মদ। বেশ কয়েকদিন পর রিয়াদে একটি আন্তর্জাতিক বিনিয়োগ সম্মেলনে প্রথম খাশুগজিকে নিয়ে কথা বলেন তিনি।
এক প্যানেল বৈঠকে তিনি বলেছিলেন, “অপরাধের যে ঘটনা ঘটেছে তা সৌদি আরবের সবার জন্যই বেদনাদায়ক। এ ঘটনা কোনভাবেই গ্রহণযোগ্য নয়।”
