খাশুগজির ঘাতকদের বিচার সৌদি আরবেই হবে: সৌদি পররাষ্ট্রমন্ত্রী
সৌদি সাংবাদিক জামাল খাশুগজিকে হত্যার জন্য দায়ীদের তুরস্কে হস্তান্তরের অনুরোধ প্রত্যাখ্যান করে তাদের বিচার সৌদি আরবেই করা হবে বলে ঘোষণা দিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আদেল আল-জুবাইর।
বাহরাইনে মধ্যপ্রাচ্যের একটি আঞ্চলিক ফোরামের অধিবেশনে তিনি শনিবার এ ঘোষণা দেন। তুরস্কের প্রেসিডেন্ট রিজেপ তায়িপ এরদোয়ান আগে থেকেই খাশুগজির হত্যাকারীদের বিচার ইস্তাম্বুলে করার দাবি জানিয়ে আসছেন।
ইস্তাম্বুলে খাশুগজি খুন হওয়ায় তিনি অভিযুক্তদেরকে তুরস্কের কাছে হস্তান্তরের আহ্বান জানিয়েছিলেন। খাশুগজি হত্যায় জড়িত সন্দেহে আটক ১৮ জনকে শনিবার তুরস্কে হস্তান্তরের জন্য সৌদি আরবকে অনুরোধ জানান এরদোয়ান।
কিন্তু সৌদি পররাষ্ট্রমন্ত্রী জুবাইর বলেন, “অভিযুক্তরা সৌদি নাগরিক। তারা সৌদি আরবে আটক রয়েছে। সৌদি আরবে তদন্ত চলছে এবং তাদের বিচার সৌদি আরবেই হবে”।
গত ২ অক্টোবর ইস্তাম্বুলের সৌদি কনস্যুলেটে খাশুগজিকে হত্যা করে সৌদি চররা। সৌদি আরব প্রথমে এ ঘটনায় জড়িত নয় বলে দাবি করলেও পরে স্বীকার করে কনস্যুলেটের ভিতরেই হত্যা করা হয়েছে খাশুগজিকে।
এরপর কয়েক বার সৌদি আরব বিবৃতি পাল্টায়। প্রথমে ভুল করে খাশুগজিকে খুন হত্যা করা হয়েছে বলে দাবি করলেও পরে আন্তর্জাতিক মহল তা মেনে না নেওয়ায় শেষ পর্যন্ত সৌদি আরব এ হত্যাকাণ্ড পূর্বপরিকল্পিত ছিল বলে ঘোষণা করে।
