খাশুগজি হত্যাকাণ্ড মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতাকে ক্ষতিগ্রস্ত করবে: ম্যাটিস
কনসুলেটের ভেতর সৌদি সাংবাদিক জামাল খাশুগজিকে মেরে ফেলার ঘটনা মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতাকে ক্ষতিগ্রস্ত করবে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী জেমস ম্যাটিস।
হত্যাকাণ্ডের সঙ্গে সংশ্লিষ্টদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র আরও শাস্তিমূলক ব্যবস্থা নেবে বলেও জানিয়েছেন তিনি।
শনিবার বাহরাইনের রাজধানী মানামায় অনুষ্ঠিত নিরাপত্তা সম্মেলনে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী এসব বলেছেন, খবর বার্তা সংস্থা রয়টার্সের।
সৌদি রাজপরিবারের বেশকিছু নীতির সমালোচক খাশুগজি গত বছর থেকে যুক্তরাষ্ট্রে স্বেচ্ছা নির্বাসনে ছিলেন।
ওয়াশিংটন পোস্টের এ কলামনিস্ট এ মাসের শুরুতে ব্যক্তিগত কাজে ইস্তাম্বুলের সৌদি কনসুলেটে গিয়েছিলেন। এরপরই তাকে মেরে ফেলা হয় বলে ধারণা তুর্কি কর্মকর্তাদের।
সৌদি আরব প্রথমদিকে খাশুগজিকে হত্যার অভিযোগ উড়িয়ে দিলেও সম্প্রতি তারা রাজপরিবারের সমালোচক এ সাংবাদিককে কনসুলেটের ভেতরে ‘পূর্বপরিকল্পনামাফিক’ খুন করা হয় বলে স্বীকার করেছে।
এ ঘটনা পশ্চিমা মিত্রদের সঙ্গে রিয়াদের সম্পর্কের অবনতি ঘটিয়েছে। আন্তর্জাতিক চাপের মুখে খাশুগজি হত্যাকাণ্ডের কথা স্বীকার করার পাশাপাশি ১৮জনকে গ্রেপ্তার ও পাঁচ উর্ধ্বতন কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে বলেও জানিয়েছে সৌদি বার্তা সংস্থা।
সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের নির্দেশেই এ হত্যাকাণ্ড হয়েছে বলে অনেকে ধারণা করলেও রিয়াদ এ ধরনের সম্ভাবনার কথা উড়িয়ে দিয়েছে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি এ ঘটনার সবটুকু জানতে চান। যুক্তরাষ্ট্র দায়ীদের ছাড় দেবে না বলেও আশ্বস্ত করেছেন তিনি।
সৌদি আরবের দিকে আঙ্গুল তুললেও দেশটিকে এখনও মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু হিসেবেই অভিহিত করেছেন ম্যাটিস।
অঞ্চলজুড়ে ইরানের প্রভাব বাড়ার ব্যাপারেও সতক করেছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী। তেহরানকে ঠেকাতে আরবদের মধ্যে ঐক্যের ওপরও জোর দিয়েছেন তিনি, এজন্য সৌদি আরবসহ অন্যান্য দেশগুলোকে কাতারের সঙ্গে বিরোধ মিটিয়ে ফেলতেও পরামর্শ দিয়েছেন ম্যাটিস।
বাহরাইনে অনুষ্ঠিত এ নিরাপত্তা সম্মেলনে সৌদি পররাষ্ট্র মন্ত্রী আদেল আল- জুবেইর বলেছেন, খাশুগজি হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের শাস্তি সৌদি আরবই দেবে। ঘটনার তদন্তে বেশকিছু সময় লাগতে পারে বলেও জানিয়েছেন তিনি।
খাশুগজি হত্যাকাণ্ডে আন্তর্জাতিক গণমাধ্যমের ভূমিকারও তীব্র সমালোচনা করেন জুবেইর। ওয়াশিংটনের সঙ্গে তার দেশের ‘লৌহদৃঢ়’ সম্পর্ক বলবৎ আছে বলেও মন্তব্য তার।
