২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হারিয়ে যাওয়া সৌদি রাজপুত্ররা

সৌদি আরবের রাজতন্ত্রের সমালোচনাকারীদের কী অপহরণ বা গুপ্তহত্যার শিকার হতে হয়? ইস্তাম্বুলে সৌদি কনসুলেটের ভেতর সাংবাদিক জামাল খাশুগজি হত্যাকাণ্ড আবারও এ প্রশ্ন উসকে দিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নিউজডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Oct 2018, 05:03 PM

Updated : 08 Apr 2022, 07:13 PM

সৌদি রাজপরিবার বিশেষ করে সংস্কারবাদী ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে নিজের কলামে কঠোর সমালোচনা করেছিলেন ওয়াশিংটন পোস্টের কলামনিস্ট খাশুগজি।

প্রয়োজনীয় কিছু কাগজপত্র সংগ্রহ করতে গত ২ অক্টোবর তুরস্কে সৌদি কনসুলেটে গিয়েছিলেন খাশুগজি। কনসুলেট ভবন থেকে তিনি আর বের হননি।

তার নিখোঁজ হওয়া নিয়ে জল্পনা-কল্পনা এবং পরষ্পর অভিযোগ দায়ের ও অস্বীকারের এক পর্যায়ে সৌদি আরব তাদের কনসুলেটের ভেতর খাশুগজিকে হত্যার কথা স্বীকার করে।

তবে কী মোহাম্মদ বিন সালমানের সমালোচনাই খাশুগজি হত্যাকাণ্ডের কারণ? তুরস্ক সরকারসহ অনেকেই তাই মনে করে।

প্রভাবশালী সৌদি রাজপরিবার এমনকি সমালোচনাকারী রাজপুত্রদেরও রেহাই দেয়নি।

২০১৫ সাল থেকে ২০১৭ সাল পর্যন্ত ইউরোপ থেকে তিনজন সৌদি প্রিন্স নিখোঁজ হয়েছেন।

বিবিবি জানায়, তারা সবাই বিভিন্ন সময় সৌদি সরকারের কঠোর সমালোচনা করেছেন এবং তিনজনকেই অপহরণের পর সৌদি আরবে নিয়ে যাওয়ার প্রমাণ আছে।

তাদের সম্পর্কে আর কোনো খবর পাওয়া যায়নি।

নিখোঁজ তিন সৌদি প্রিন্স হলেন: সুলতান বিন তুর্কি বিন আব্দুলআজিজ, প্রিন্স তুর্কি বিন বান্দার এবং সৌদ বিন সাইফ আল-নাসর।

সুলতান বিন তুর্কি বিন আব্দুলআজিজ:

প্রয়াত বাদশাহ ফাহদের ভাতিজা সুলতান বিন তুর্কি বিন আব্দুলআজিজ। সুইজারল্যান্ডের জেনেভায় ২০০৩ সালের ১২ জুন সকালে নাস্তা খাওয়ার নিমন্ত্রণে যোগ দিতে গিয়ে তিনি নিখোঁজ হন।

পরে জানা যায়, সেখান থেকে প্রিন্স সুলতানকে অপহরণ করে মারধরের পর ওষুধ দিয়ে অচেতন করে সৌদি আরবে নিয়ে যাওয়া হয়।

বাদশাহ ফাহদের প্রিয় পুত্র প্রিন্স আব্দুলআজিক বিন ফাহদ তাকে একসঙ্গে নাশতা খাওয়ার দাওয়াত দিয়েছিলেন।

সুলতানের সমালোচনার কারণে রাজপরিবারের নেতৃত্ব নিয়ে যে সংকটের সৃষ্টি হয়েছে তার অবসান সম্ভব জানিয়ে আব্দুলআজিজ আগে কয়েকবার তাকে সৌদি আরবে ফিরে আসার অনুরোধ করেছিলেন। কিন্তু প্রিন্স সুলতান তাতে রাজি হননি।

চিকিৎসা করাতে ২০০২ সালের দিকে ইউরোপ আসার পর প্রিন্স সুলতান আর সৌদি আরবে ফিরে যাননি। তিনি জেনেভায় একটি হোটেলে আলাদা করে বানানো একটি বাড়িতে বসবাস শুরু করেন। সেখানে নিজের নিরাপত্তার ব্যবস্থাও তিনি করেছিলেন।

ইউরোপে আসার পর প্রিন্স সুলতান নিয়মিত সৌদি সরকারের সমালোচনা করে সাক্ষাৎকার দেওয়া শুরু করেন। তিনি দেশটির নাজুক মানবাধিকারের সমালোচনা করেন, ক্ষমতাধর প্রিন্স এবং সকরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে দুর্নীতির নানা অভিযোগ আনেন এবং দেশে বড় ধরনের সংস্কারের কথা বলেন।

২০০৩ সালে অপহরণের পর প্রিন্স সুলতানকে ছেড়ে দেওয়া হয়। কী কারণে তাকে অপহরণ করা হয়েছিল তা জানা যায়নি।

বিবিসি জানায়, অপহরণের পর সৌদি আরবে নিয়ে তাকে বিভিন্ন সময় কারাগারে বা গৃহবন্দি করে রাখা হয়। তার স্বাস্থ্যের অবস্থা ক্রমশ খারাপ হতে থাকলে ২০১০ সালে রাজপরিবার তাকে চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রের বোস্টনে যাওয়ার অনুমতি দেয়।

সেখানে গিয়ে তিনি সুইজারল্যান্ডের মানবাধিকার আদালতে প্রিন্স আব্দুলআজিজ বিন ফাহদ এবং শেখ সালেহ আল-শেখের বিরুদ্ধে তাকে ২০০৩ সালে অপহরণের অভিযোগ করেন।

প্রিন্স সুলতানের আমেরিকান আইনজীবী রিয়াদের কিং ফয়সাল স্পেশালাইজড হাসপাতালে ২০০৩ সালের ১৬ জুন তাকে ভর্তি করার কাগজপত্র আদালতে পেশ করেন।

সৌদি রাজপরিবারের কোনো সদস্যের বিরুদ্ধে পশ্চিমা কোনো আদালতে পরিবারের অন্য সদস্যের অভিযোগের এটাই ছিল প্রথম ঘটনা।

২০১৬ সালে প্যারিসের একটি হোটেল থেকে প্রিন্স সুলতান একটি প্রাইভেট জেটে করে কায়রোতে বসবাস করা বাবার সঙ্গে দেখা করতে রওয়ান হন। পথে তিনি আবারও নিখোঁজ হন। তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি।

জানা যায়, পথে কোথাও তাকে উড়োজাহাজ থেকে নামিয়ে নেওয়া হয়েছিল।

প্রিন্স তুর্কি বিন বান্দার:

এক সময় সৌদি পুলিশের মেজর পদে ছিলেন প্রিন্স তুর্কি বিন বান্দার। রাজপরিবারে ক্ষমতার দ্বন্দ্বে যাকে কারাগারে যেতে হয়েছিল।

কারাগার থেকে মুক্তি পাওয়ার পর তিনি প্যারিসে পালিয়ে যান এবং ২০১২ সাল থেকে সৌদি আরবে সংস্কারের দাবিতে ইউটিউবে বিভিন্ন ভিডিও পোস্ট করা শুরু করেন।

ওই সময় দেশটির উপ স্বরাষ্ট্রমন্ত্রী আহমেদ আল-সালেম তাকে পটিয়ে দেশে ফেরানোর চেষ্টা করেছিলেন।

আহমেদ আল-সালেমের সঙ্গে টেলিফোনে কথোপকথনের একটি অডিও প্রিন্স তুর্কি ইউটিউবে পোস্ট করেছিলেন।

আহমেদ: সবাই আপনার ফেরার অপেক্ষায় আছে।

প্রিন্স তুর্কি: আমার ফেরার অপেক্ষায় আছে? আপনার কর্মকর্তারা আমাকে যে চিঠি পাঠিয়েছে তার কী হবে? তারা বলেছে, ‘বেশ্যার পুত্র, আমরা তোমাকে সুলতান বিন তুর্কির মত টানতে টানতে নিয়ে আসবো’।

আহমেদ: তারা আপনাকে স্পর্শও করবে না। আমি আপনার ভাই।

প্রিন্স তুর্কি: না, তারা আপনার লোক।

২০১৫ সালের জুলাই পর্যন্ত প্রিন্স তুর্কি ইউটিউবে ভিডিও পোস্ট করেন। তারপর থেকে তিনি নিখোঁজ।

তার বন্ধু ব্লগার ও মানবাধিকারকর্মী ওয়ায়েল আল-খালাফ বলেন, “প্রতি মাসে বা দুই মাসে তিনি আমাকে ফোন করতেন। হঠাৎ করেই চার/পাঁচ মাস তার কোনো ফোন না পেয়ে আমি অবাক হয়েছিলাম। পরে সৌদি সরকারের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা আমাকে জানান, প্রিন্স তুর্কি বিন বান্দার তাদের সঙ্গে আছেন। অর্থাৎ, তারা তাকে নিয়ে গেছেন, তাকে অপহরণ করা হয়েছে।

“অনেক খোঁজাখুঁজির পর আমি মরক্কোর একটি পত্রিকা থেকে প্রিন্স তুর্কির বিষয়ে জানতে পারি। সেখানে বলা হয়, মরক্কো থেকে তিনি ফ্রান্স ফিরে যাচ্ছেন। মরক্কোতে তাকে গ্রেপ্তারের পর কারাদণ্ড দেওয়া হয়েছিল। পরে সৌদি সরকারের অনুরোধে মক্কোর একটি আদালত তাকে হস্তান্তরের অনুমতি দেয়।”

তুর্কি বিন বান্দারের ভাগ্যে কী ঘটেছে তা কেউ জানে না। নিখোঁজ হওয়ার আগে তিনি তার বন্ধু ওয়ায়েলকে নিজের লেখা একটি পাণ্ডুলিপি পাঠিয়েছিলেন।

সেখানে লেখা ছিল, “প্রিয় ওয়ায়েল, আমাকে অপহরণ বা গুপ্তহত্যা করার আগে এই বিবৃতি কারো কাছে প্রকাশ করো না। আমি জানি আমাকে অপহরণ করা হবে অথবা তারা আমাকে হত্যা করবে। আমি এটাও জানি তারা কিভাবে আমার অধিকার খর্ব করবে এবং তারা সৌদি নাগরিক।”

সৌদ বিন সাইফ আল-নাসর:

প্রিন্স তুর্কি বিন বান্দার যখন নিখোঁজ হন, কাছাকাছি সময়ে প্রিন্স সৌদ বিন সাইফ আল-নাসর নামে এক রাজপুত্রও হারিয়ে যান। ইউরোপে যিনি ক্যাসিনো এবং অভিজাত হোটেল ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন।

২০১৪ সালে টুইটারে রাজপরিবারের সমালোচনা করে লেখা শুরু করেন প্রিন্স সৌদ।

তিনি মিশরের প্রেসিডেন্ট মোহাম্মেদ মুরসিকে উৎখাতের পেছনে হাত থাকা সৌদি আরবের কর্মকর্তাদের বিচারের দাবিও করেন।

২০১৫ সালের সেপ্টেম্বরে নিখোঁজ হন সৌদ।

তার আগে নাম প্রকাশ না করে এক সৌদি প্রিন্স বর্তমান বাদশাহ সালমানকে ক্ষমতা থেকে উৎখাতের আহ্বান জানিয়ে দুইটি চিঠি লেখেন।

রাজপরিবারের একমাত্র সদস্য হিসেবে প্রিন্স সৌদ ওই চিঠিতে অনুমোদন দিয়েছিলেন।

তিনি সৌদি জনগণকে রাজতন্ত্রের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছিলেন।

কয়েকদিন পরই তার টুইটার একাউন্টটি নিরব হয়ে যায়।

নিখোঁজ হওয়া এইসব রাজপুত্ররা হয়তো এখন মাটির নিচে কোনো অন্ধকার কারাগার বন্দি আছেন। অথবা তাদের হত্যা করা হয়েছে।

জার্মানিতে পালিয়ে থাকা আরেক রাজপুত্র খালিদ বিন ফারহানের ধারণা মিলান থেকে রোমে ব্যবসায়িক বৈঠকের কথা বলে কৌশলে সৌদকে রিয়াদে নিয়ে যাওয়া হয়েছে।

খালিদ বলেন, “সৌদি রাজতন্ত্রের সমালোচনাকারী আমরা চারজন ইউরোপে ছিলাম, যাদের তিনজনকে অপহরণ করা হয়েছে। হয়তো আমাকেও একই ভাগ্য মেনে নিতে হবে।”

পুরনো খবর:

খাশুগজি খুনে সৌদি যুবরাজ জড়িত থাকতেও পারেন: ট্রাম্প
খাশুগজি হত্যা:সৌদি যুবরাজের ‘হাত রক্তে রঞ্জিত’