২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

খাশুগজি হত্যা:সৌদি যুবরাজের ‘হাত রক্তে রঞ্জিত’

সাংবাদিক জামাল খাশুগজি খুনের ঘটনায় সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমানের ‘হাত রক্তে রঞ্জিত’ বলে মন্তব্য করেছেন তুরস্কের প্রেসিডেন্টের এক উপদেষ্টা।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 24 Oct 2018, 08:31 PM

Updated : 08 Apr 2022, 07:13 PM

খাশুগজি হত্যাকাণ্ডে সৌদি আরবের শাসকের নাম জড়িয়ে তুরস্কের প্রেসিডেন্ট রিজেপ তায়িপ এরদোয়ানের কোনো কর্মকর্তার প্রকাশ্যে এমন মন্তব্য এটিই প্রথম।

তুরস্কের ‘ইয়েনি বিরলিক’ পত্রিকার এক কলামে উপদেষ্টা ইলনূর জেভিক লেখেন, “এটি এমন এক অমর্যাদাকর ব্যাপার, যার দায় সবদিক দিয়েই ক্রাউন প্রিন্সের (মোহাম্মদ বিন সালমান) ওপর বর্তায়। হত্যাকারী দলের অন্তত পাঁচ সদস্য যুবরাজ সালমানের ডান হাত এবং তারা তার অনুমতি ছাড়া কোনো কাজ করে না।”

“যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাকে (মোহাম্মদ বিন সালমান) বাঁচিয়ে দিলেও বিশ্বের চোখে তিনি প্রশ্নবিদ্ধ একজন মানুষ। তার হাতে খাশুগজির রক্ত লেগে আছে।”

এ বিষয়ে বার্তা সংস্থা রয়টার্সের পক্ষ থেকে সৌদি আরব কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হলে তারা তাৎক্ষণিক ভাবে এ মন্তব্যের ব্যাপারে কোনো প্রতিক্রিয়া জানায়নি।

ওয়াশিংটন পোস্টের কলামনিস্ট খাশুগজি গত ২ অক্টোবর ইস্তাম্বুলের সৌদি কনসুলেটে নিজের বিয়ের জন্য প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করতে গিয়েছিলেন। বাগদত্তা তুরস্কের নাগরিক হাতিস চেঙ্গিসকে বাইরে দাঁড় করিয়ে রেখে খাশুগজি কনসুলেট ভবনে ঢোকার পর আর বাইরে বেরিয়ে আসেননি।

তুরস্ক সরকার শুরু থেকেই খাশুগজি নিখোঁজ কাণ্ডে সৌদি আরবের হাত আছে বলে দাবি করে এসেছে। তারা বলেছিল, খাশুগজিকে সৌদি কনসুলেটের ভেতর নির্যাতনের পর হত্যা করা হয়েছে এবং এর প্রমাণ তাদের হাতে আছে।

সৌদি আরব শুরুতে খাশুগজি কিছুক্ষণ পর কনসুলেট থেকে বেরিয়ে গেছেন বলে দাবি করলেও এক পর্যায়ে তাকে কনসুলেট ভবনের ভেতর হত্যার কথা স্বীকার করে। তারা প্রথমে ঘটনার ব্যাখ্যা দিয়ে বলে, কনসুলেটের ভেতর ধস্তাধস্তিতে খাশুগজি খুন হন।

সৌদি আরবের এ ব্যাখ্যায় আন্তর্জাতিক মহল সন্তুষ্ট না হওয়ায় সৌদি আরব এরপর আরো কয়েকবার খুনের ঘটনাটি নিয়ে তাদের বিবৃতি পাল্টেছে। শেষমেশ খাশুগজিকে ভুল করে মেরে ফেলা হয়েছে এবং ক্রাউন প্রিন্স সালমান কিছুই জানতেন না বলে দাবি করেছে তারা।

সৌদি আরব খাশুগজি হত্যাকাণ্ড ‘সবচেয়ে বাজেভাবে ধামাচাপা’ দিতে চেয়েছে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

মিত্র দেশ সৌদি আরবের সমালোচনা করে মঙ্গলবার তিনি সাংবাদিকদের বলেন, “সেখানে হত্যাকাণ্ড বা ধামাচাপা দেওয়া একেবারেই উচিত হয়নি, কারণ এ ধরনের ঘটনা কখনো ঘটাই উচিত না।”

যুক্তরাষ্ট্র এ হত্যাকাণ্ডের পেছনে জড়িত সৌদি নাগরিকদের ভিসা সুবিধা প্রত্যাহার করার ঘোষণাও দিয়েছে।

তুরস্কের প্রেসিডেন্ট রিজেপ তায়েপ এরদোয়ানের বহু উপদেষ্টাদের একজন জেভিক। তবে তিনি সুপরিচিত কেউ নন। ফলে তার কলামে এরদোয়ানের অবস্থান কতটুকু প্রতিফলিত হয়েছে তা এখনই বলা যাচ্ছে না।

তবে মঙ্গল ও বুধবার এরদোয়ান এক ভাষণে বলেছেন, “যারা হত্যার নির্দেশ দিয়েছে এবং যারা হত্যাকাণ্ড ঘটিয়েছে তাদের সবাইকে বিচারের মুখোমুখি করতে সব ব্যবস্থাই করা উচিত।”

খাশুগজি হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে রিয়াদ এখন পর্যন্ত ১৮ জনকে আটক করেছে। বরখাস্ত করা হয়েছে সরকারি পাঁচ শীর্ষ কর্মকর্তাকে। তদের একজন ক্রাউন প্রিন্সের শীর্ষ উপদেষ্টা সৌদ আল-কাহতানি।