নাউরুতে দাতব্য সংস্থা এমএসএফ’র কার্যক্রম বন্ধের নির্দেশ
প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্র নাউরু থেকে দাতব্য চিকিৎসা সংস্থা মিতস সঁ ফ্রঁতিয়ের কার্যক্রম গুটিয়ে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন সংস্থাটির কর্মকর্তারা।
এমএসএফ’র পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, “নাউরু সরকার মিতস সঁ ফ্রঁতিয়েকে বলেছে, তাদের আর আমাদের সেবার প্রয়োজন নেই এবং ২৪ ঘণ্টার মধ্যে সেখানে আমাদের কার্যক্রম বন্ধের অনুরোধ জানিয়েছে।”
গত ১১ মাস ধরে নাউরুর জনগণ এবং সেখানে অবস্থিত অস্ট্রেলিয়ার আটক কেন্দ্রে বাসিন্দাদের মানসিক স্বাস্থ্য সেবা দিচ্ছে এমএসএফ।
ফ্রান্স ভিত্তিক এ দাতব্য সংস্থাটির পক্ষ থেকে নাউরু সরকারকে তাদের সিদ্ধান্ত আরেকবার ভেবে দেখার আহ্বান জানানো হয়েছে।
যদিও সরকার পক্ষ থেকে এখন পর্যন্ত সিদ্ধান্ত ভেবে দেখা হবে কিনা তা নিয়ে কোনো মন্তব্য করা হয়নি।
নৌকায় করে সমুদ্র পাড়ি দিয়ে অবৈধভাবে অস্ট্রেলিয়ায় প্রবেশের চেষ্টা করা শরণার্থীদের মূলভূখণ্ডে না রেখে নাউরুর বন্দিশিবিরে রাখা হয়।
শরণার্থীদের রাখার বিনিময়ে নাউরু সরকারকে নানা সহায়তা দেয় অস্ট্রেলিয়া।
মানবপাচারকারীদের নিরুৎসাহিত করতে এবং সমুদ্রে মৃত্যু আটকাতে এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে দাবি অস্ট্রেলিয়া সরকারের।
যদিও আটক কেন্দ্রে বন্দিদের মানবেতর জীবন যাপনের কারণে বিভিন্ন মানবাধিকার সংগঠন অস্ট্রেলিয়া সরকারের তীব্র সমালোচনা করে আসছে।
অভিযোগ আছে, নাউরু ডিটেনশন সেন্টারে বিশেষ করে নারী ও শিশুদের নানা নিপীড়নের শিকার হতে হয়।
সম্প্রতি অস্ট্রেলিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের প্রধান টনি বারটন ডিটেনশন সেন্টারে বাস করা শিশুরা ‘চরম মানবিক সংকটে’ আছে জানিয়ে এ বিষয়ে ‘দ্রুত হস্তক্ষেপ’ কামনা করেছেন।
এমএসএফ কর্তৃপক্ষ বলেছে, নাউরু সরকারের এ সিদ্ধান্তের কারণে আমাদের রোগীরা মারাত্মক স্বাস্থ্য ঝুঁকিতে পড়তে পারেন।
“আমরা সরকারের কাছে সেখানে আমাদের জীবন রক্ষাকারী কাজ চালিয়ে যাওয়ার অনুমতি দেওয়ার অনুরোধ জানিয়েছি।”
এ বছরের শুরুর দিকে একটি মানবাধিকার সংগঠন থেকে অস্ট্রেলিয়া সরকারের কাছে নাউরু ডিটেনশন সেন্টার থেকে সব শিশুকে সরিয়ে ফেলার দাবি জানানো হয়েছিল।
