যুক্তরাষ্ট্রের জঙ্গি বিমান এফ-৩৫বি বিধ্বস্ত
যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক জঙ্গি বিমান এফ-৩৫বি বিধ্বস্ত হয়েছে। এই প্রথম অত্যন্ত ব্যয়বহুল সমরাস্ত্র প্রকল্প এফ-৩৫ এর কোনো বিমান বিধ্বস্ত হলো।
সাউথ ক্যারলিনায় জঙ্গি বিমানটি বিধ্বস্ত হওয়ার আগে পাইলট নিরাপদে সেটি থেকে বেরিয়ে যেতে সক্ষম হন বলে জানায় বিবিসি।
দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে।
বিশ্বের সবচেয়ে বড় এবং সবচেয়ে ব্যয়বহুল সমরাস্ত্র প্রকল্প এফ-৩৫ এর আওতায় ওই জঙ্গি বিমানগুলো তৈরি করা হয়েছে।
এক একটি বিমান তৈরিতে প্রায় ১০ কোটি মার্কিন ডলার খরচ হয়।
অতিরিক্ত উৎপাদন খরচ এবং যুদ্ধে জঙ্গিবিমানগুলোর কার্যকারিতা নিয়ে প্রকল্পের শুরু থেকেই সমালোচনা চলছে।
বিবিসি জানায়, যুক্তরাষ্ট্র বৃহস্পতিবার প্রথমবারের মত এফ-৩৫বি ব্যবহার করে আফগানিস্তানে তালেবান লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে।
চার মাস আগে ইসরায়েলের সেনাবাহিনী এফ-৩৫এ জঙ্গি বিমান ব্যবহার করে দুইটি পৃথক স্থানে হামলার ঘোষণা দিয়েছিল।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রায়ই এফ-৩৫ প্রকল্পের প্রশংসা করে বলেন, শত্রুরা এই জঙ্গিবিমানগুলো ‘দেখতেও পায় না’।
যদিও জঙ্গি বিমানগুলো অদৃশ্য নয়। এর নির্মাতা লকহিড মার্টিন বলেন, ‘অত্যাধুনিক প্রযুক্তির’ কারণে জঙ্গিবিমানগুলো আকাশ সুরক্ষা ব্যবস্থার রাডার ফাঁকি দিতে পারে।
