জিম্বাবুয়ে পরিস্থিতি থমথমে, ফল ঘোষণা ‘শিগগিরই’
জিম্বাবুয়েতে নির্বাচন-পরবর্তী সহিংসতায় ৩ জনের মৃত্যুর পর রাজধানী হারারের রাস্তায় টহল দিচ্ছে সশস্ত্র সেনা-পুলিশ। দোকান-পাট বন্ধ হয়ে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
নির্বাচন কমিশন জানিয়েছে, প্রেসিডেন্ট নির্বাচনের ফল ‘খুব শিগগিরই’ ঘোষণা করা হবে।
ফল ঘোষণার আগে বিশৃঙ্খলা এড়াতে সেনারা রাজধানীর সব দোকানপাট বন্ধ করে দিয়েছে। লোকজনকে শহরের কেন্দ্রস্থল ছেড়ে যাওয়া এবং সংযত আচরণ করার নির্দেশ দিচ্ছে তারা।
এর আগে বুধবার নিরাপত্তা বাহিনীর সঙ্গে বিরোধীদলীয় নেতা নেলসন চামিসার বিক্ষুব্ধ সমর্থকদের সংঘর্ষে গুলিতে তিনজন নিহত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে মাঠে নামে সেনাবাহিনী।
বৃহস্পতিবার নতুন করে কোনো সহিংসতার খবর পাওয়া যায়নি। বিরোধীদলের সমর্থকদের সংগঠিত আর কোনো বিক্ষোভের লক্ষণও দেখা যায়নি। অস্ত্র নিয়ে সেনা-পুলিশ ট্রাকে করে শহরজুড়ে টহল দিচ্ছে।
হারারে থেকে বিবিসি’র সংবাদদাতা বলেছেন, নগরীর কেন্দ্রস্থল ’ভুতুড়ে শহরে’ পরিণত হয়েছে। বিরোধীদল এমডিসি এলায়েন্সের সদরদপ্তরগুলো ঘিরে রেখেছে দাঙ্গা পুলিশ।
জিম্বাবুয়েতে সাবেক শাসক রবার্ট মুগাবে ক্ষমতাচ্যুত হওয়ার পর গত সোমবার অনুষ্ঠিত প্রথম নির্বাচনে শাসক দল জানু-পিএফ পার্টি জয়ী হয়েছে। কিন্তু বিরোধী দল বলছে, জানু-পিএফ নির্বাচনে কারচুপি করেছে।
প্রেসিডেন্ট নির্বাচনের ফল ঘোষণার আগেই বিরোধী দল এমডিসি বলছে, তাদের প্রার্থী চামিসা ক্ষমতাসীন প্রেসিডেন্ট এমার্সন এমনানগাগওয়াকে পরাজিত করেছেন।
আন্তর্জাতিক নির্বাচন পর্যবেক্ষকরা প্রেসিডেন্ট নির্বাচনের ফল প্রকাশে দেরির সমালোচনা করেছেন। নির্বাচন পরবর্তী সহিংসতা নিয়ে উদ্বেগ প্রকাশ করে তারা ‘দ্রুত এবং স্বচ্ছ পদ্ধতিতে’ ভোটের ফল প্রকাশের জন্য নির্বাচন কমিশনকে আহ্বান জানাচ্ছেন।
জিম্বাবুয়ের নির্বাচন কমিশন এখন পর্যন্ত পার্লামেন্ট নির্বাচনের ফল ঘোষণা করেছে। এ পর্যন্ত ঘোষিত ফলে জানু-পিএফ ১৪০টি এবং এমডিসি ৫৮টি আসনে জয়ী হয়েছে।
মুগাবেবিহীন এ নির্বাচনে ভোট দেওয়ার জন্য ৫০ লাখেরও বেশি নাগরিক নিবন্ধন করেছিল, ভোট পড়ার হার ছিল ৭০ শতাংশের বেশি। পার্লামেন্ট নির্বাচনের পাশাপাশি দেশটিতে নতুন প্রেসিডেন্ট ও স্থানীয় সরকারের কর্মকর্তা নির্ধারণেও ভোট হয়েছে।
বুধবার স্থানীয় সময় বেলা সাড়ে ১২টার দিকে প্রেসিডেন্ট নির্বাচনের ফল প্রকাশের কথা থাকলেও নির্বাচন কমিশন কেবল পার্লামেন্ট নির্বাচনের আংশিক ফলই ঘোষণা করে।
প্রার্থীদের প্রতিনিধিরা ভোটের ফল যাচাই করতে না পারায় প্রেসিডেন্ট নির্বাচনের ফল প্রকাশে দেরি হচ্ছে বলে জানানো হয়েছে খবরে।
প্রেসিডেন্ট হতে হলে প্রার্থীকে অবশ্যই ৫০ শতাংশের বেশি ভোট পেতে হবে; কোনো প্রার্থী এ পরিমাণ ভোট না পেলে ৮ সেপ্টেম্বর দ্বিতীয় দফার ভোট হবে। সেখানেই নির্ধারিত হবে, কে হচ্ছেন জিম্বাবুয়ের নতুন প্রেসিডেন্ট।
