রাশিয়া তদন্ত অবিলম্বে বন্ধ করতে বললেন ট্রাম্প
রাশিয়া নিয়ে রবার্ট মুলারের তদন্ত অবিলম্বে বন্ধ করতে এটর্নি জেনারেল জেফ সেশনসকে আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
তদন্ত দলের পক্ষপাতিত্ব এবং সাবেক প্রচারণা কর্মকর্তা পল মানাফোর্টের বিচার নিয়ে অভিযোগ করে ট্রাম্প বুধবার রাশিয়া তদন্ত বন্ধ করতে বলেছেন।
এক টুইটে ট্রাম্প বলেন, “ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এটর্নি জেনারেল জেফ সেশনসের উচিত এক্ষুণি এই ‘উইচ হান্ট’ তামাশা বন্ধ করা। যাতে আমাদের দেশ আরো কলঙ্কিত না হয়।”
বিশেষ কৌঁসুলি রবার্ট মুলারের তদন্ত দল যুক্তরাষ্ট্রে ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপের বিষয়টি ছাড়াও রাশিয়া সরকারের সঙ্গে ট্রাম্পের প্রচার শিবিরের লোকজনদের কোনোরকম যোগাযোগ, কিংবা সমন্বয়ের বিষয়টি খতিয়ে দেখছে।
মুলারের আনা অভিযোগেই মঙ্গলবার ট্রাম্পের সাবেক প্রচারণা প্রধান পল মানাফোর্ট ভার্জিনিয়ার আদালতে প্রথম বিচারের কাঠগড়ায় দাঁড়ান। বুধবার দ্বিতীয় দিনের মত মানাফোর্টের বিচার শুরুর প্রাক্কালে ট্রাম্প ওই টুইটটি করেন।
টুইটে তিনি মুলারকে পুরোপুরি দ্বিধাগ্রস্ত বলেও মন্তব্য করেন এবং ক্ষ্যাপাটে ডেমোক্র্যাটরা এ নোংরা কাজে সামিল রয়েছে বলে অভিযোগ করে তাদেরকে যুক্তরাষ্ট্রের জন্য লজ্জ্বাজনক আখ্যা দেন। তাছাড়া, মানাফোর্টের বিচারের বিষয়টিও উল্লেখ করে ট্রাম্প বলেন, “তার বিরুদ্ধে আনা পুরোনো অভিযোগগুলোতে রুশ আঁতাতের যোগ নেই। পুরোটাই ধাপ্পাবাজি।”
ট্রাম্প এর আগেও মুলারের তদন্তকে বরাবরই পক্ষপাতদুষ্ট বলে অভিযোগ করে এসেছেন এবং এ তদন্তে কট্টর ডেমোক্র্যাট ও হিলারি ক্লিনটনের সমর্থকদের প্রভাব রয়েছে বলেও অভিযোগ করেছেন।
মুলার একজন রিপাবলিকান হলেও তার দলে ডেমোক্র্যাট এবং রিপাবলিকান উভয়দলকেই অতীতে রাজনৈতিক অনুদান দেওয়া কিছু সদস্য রয়েছেন। আর সে কারণেই মুলারের দলে ডেমোক্র্যাটদের রাজনৈতিক পক্ষপাত নিয়ে বরাবরই অনুযোগের সুরে কথা বলেন ট্রাম্প।
এবার জেফ সেশনসকে তদন্ত বন্ধে হস্তক্ষেপ করতে বলে ট্রাম্প আরো এক ধাপ আগ্রাসী পদক্ষেপ নিয়েছেন। কিন্তু সেশনস গত বছরই রাশিয়া বিষয়ক তদন্ত থেকে সরে দাঁড়ানোয় এক্ষেত্রে তার কোনো ব্যবস্থা নেওয়ার সম্ভাবনা তেমন নেই।
তারপরও বিচার বিভাগের প্রধান হিসাবে রবার্ট মুলারের তদন্তের ক্ষেত্রে সেশনসের কিছু কর্তৃত্ব আছে। সেশনস নিজে তদন্তে সামিল না থাকলেও তিনি মুলারের তদন্তে বাধ সাধতে পারেন।
ডেপুটি এটর্নি জেনারেল রড রোসেনস্টেইনকে মুলারকে বরখাস্ত করার নির্দেশ দিয়ে কিংবা রোসেনস্টেইনকেই বরখাস্ত করে তদন্তে ছেদ টানতে পারেন সেশনস।
কিন্তু সেশনস এ ধরনের কোনো পদক্ষেপ নেওয়ারই কোনো আভাস দেননি।
ওদিকে, ট্রাম্পের টুইটের ব্যাপারে ফক্স নিউজের প্রশ্নের জবাবে বিষয়টি নিয়ে কোনো মন্তব্য করেননি বিচার বিভাগের মুখপাত্র। রাশিয়া তদন্ত সংশ্লিষ্ট আরেক কর্মকর্তাও ট্রাম্পের টুইটকে তেমন গুরুত্ব দেননি। কারণ, ট্রাম্প অতীতেও রাশিয়া বিষয়ক তদন্ত নিয়ে এবং সেশনসের এ তদন্ত থেকে সরে যাওয়া নিয়ে একাধিকবার হতাশা প্রকাশ করেছেন।
