বিচারের কাঠগড়ায় ট্রাম্পের সাবেক প্রচারণা প্রধান মানাফোর্ট
যুক্তরাষ্ট্রে ২০১৬ সালের নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপ নিয়ে তদন্তকারী বিশেষ কর্মকর্তা রবার্ট মুলারের আনা অভিযোগের ভিত্তিতে প্রথম বিচারের কাঠগড়ায় দাঁড়াচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রচার শিবিরের সাবেক প্রধান পল মানাফোর্ট।
তার বিরুদ্ধে ব্যাংক জালিয়াতি, ভুয়া আয়কর রিটার্ন দাখিল, অর্থ পাচারসহ ১৮ টি অপরাধের অভিযোগ আছে।
এসব অভিযোগে মঙ্গলবারই তার বিচার শুরু হওয়ার কথা রয়েছে ভার্জিনিয়ার আলেক্সান্দ্রিয়ার ডিস্ট্রিক্ট কোর্টে। চলবে তিন সপ্তাহ ধরে।
ওয়াশিংটন ডিসির ফেডারেল কোর্টেও মানাফোর্টের বিরুদ্ধে একই ধরনের অভিযোগ আছে। তবে সেখানে তার বিচার ১৭ সেপ্টেম্বরের আগে শুরু হবে না।
ইউক্রেইন এবং রাশিয়ার সঙ্গে মানাফোর্টের সম্পৃক্ততার কারণে তিনি মুলারের তদন্ত দলের বিচারের সম্মুখীন হয়েছেন।
মুলারের তদন্ত দল যুক্তরাষ্ট্রে ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপের বিষয়টি ছাড়াও রাশিয়া সরকারের সঙ্গে ট্রাম্পের প্রচারশিবিরের লোকজনদের কোনোরকম যোগাযোগ, কিংবা সমন্বয়ের বিষয়টি খতিয়ে দেখছে।
মানাফোর্ট ২০১৬ সালের মে মাসে ট্রাম্পের নির্বাচনি প্রচার শিবিরের চেয়ারম্যান হন। ইউক্রেইন রাজনীতির জন্য লবি করে তিনি লাখ লাখ ডলার আয় করেছিলেন এবং তা মার্কিন সরকারের কাছে গোপন করেছিলেন বলে অভিযোগ আছে।
ভার্জিনিয়ার আদালতে মুলারের তদন্ত দল মানাফোর্টের বিরুদ্ধে রাশিয়া সরকারের সঙ্গে তার আঁতাতের কোনো প্রমান হাজির করবে না। তবে এ বিচারের মধ্য দিয়ে ইউক্রেইন এবং রুশদের সঙ্গে মানাফোর্ট কি কাজ করেছেন সে সম্পর্কে আরো বিস্তারিত তথ্য বেরিয়ে আসবে বলে জানিয়েছে বিবিসি।
ইউক্রেনের রাশিয়া-সমর্থিত সাবেক প্রেসিডেন্ট ভিক্টর ইয়ানুকোভিচের সঙ্গে মানাফোর্টের ঘনিষ্ঠতার খবর প্রকাশ পাওয়ার পর তাকে সমালোচনার মুখে পড়তে হয়েছিল।
তাছাড়া, ইউক্রেনে রুশপন্থি রাজনৈতিক দলের সঙ্গে মানাফোর্টের সম্পৃক্ততার অভিযোগ উঠেছিল। ইউক্রেইনের রুশপন্থি প্রেসিডেন্টের জন্য কনসালটেন্সির কাজ করে তিনি লাখ লাখ ডলার পাওয়ার কথা গোপন করেছিলেন বলেও অভিযোগ ওঠে।
এসব অভিযোগের মুখে ২০১৬ সালের অগাস্টে পদত্যাগ করেন মানাফোর্ট।
আদালতের অভিযোগপত্রে বলা হয়েছে, তিনি ইউক্রেইনে কাজ করে লাখ লাখ ডলার আয় করেছিলেন এবং যুক্তরাষ্ট্র সরকারকে এ আয়ের বিষয়টি গোপন করে তিনি একটি স্ক্রিম চালু করেছিলেন। তবে মানাফোর্ট এসব অভিযোগই অস্বীকার করেছেন।
