২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

থাই গুহায় আটকা পড়া একাদশ কিশোরকে উদ্ধার

থাইল্যান্ডের গুহায় আটকা কিশোরদের উদ্ধার অভিযানের তৃতীয় দিন আরও তিনজনকে বের করা হয়েছে। এ নিয়ে মোট ১১ জনকে গুহা থেকে উদ্ধার করে আনা সম্ভব হলো।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 10 Jul 2018, 04:25 PM

Updated : 08 Apr 2022, 06:40 PM

তবে মঙ্গলবারের উদ্ধারের বিষয়ে এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো বিবৃতি না আসায় তিন কিশোরের শারীরিক অবস্থা কেমন তা জানা যায়নি।

গত ২৩ জুন একটি থাই কিশোর ফুটবল দলের ১২ সদস্য ও তাদের কোচ চিয়াং রাই প্রদেশের ‘থাম লুয়াং’ গুহায় প্রবেশের পর আটকা পড়ে।

রোববার থেকে তাদের বের করে আনা শুরু হয়। ওই দিন চার জন্য এবং পরের দিন চারজনসহ এখন পর্যন্ত মোট ১১ কিশোরকে গুহা থেকে বের করে আনা সম্ভব হয়েছে।

গুহায় এখনও এক কিশোর ও তাদের কোচ আটকা পড়ে আছেন।

মঙ্গলবারের অভিযান গত দুইদিনের তুলনায় ‘বেশি কঠিন’ হবে বলে মনে করেন উদ্ধার অভিযানের প্রধান নারংসাক ওসোটানাকোরন।

এদিনের উদ্ধার অভিযান শুরুর আগে এক সংক্ষিপ্ত সংবাদ সম্মেলনে নারাংসাক বলেন, “গত দুইদিন চারজন করে কিশোরকে গুহার বাইরে বের করা হয়েছে। আজ কোচসহ পাঁচজনকে বের করতে হবে। এছাড়া তাদের সঙ্গে থাকা থাইল্যান্ড নৌবাহিনীর আরও তিন সদস্যকেও বের করতে হবে।”

তবে অভিজ্ঞতার কারণে রোববারের তুলনায় সোমবার ডুবুরিরা দুই ঘণ্টা কম সময়ে কিশোরদের নিয়ে বেরিয়ে আসতে সক্ষম হয়েছিলেন বলেও জানান তিনি।

“আশাকরি আমরা আজ আরও দ্রুতগতিতে বা গতকালের গতিতে কাজ করতে পারবো।”

পুরনো খবর:

দুই দিনে থাই গুহা থেকে ৮ কিশোরকে উদ্ধার
গুহা থেকে উদ্ধার কিশোররা ‘ফ্রাইড রাইস’ খেতে চেয়েছে