গুহা থেকে উদ্ধার কিশোররা ‘ফ্রাইড রাইস’ খেতে চেয়েছে
থাইল্যান্ডের গুহা থেকে উদ্ধার পাওয়া প্রথম চার কিশোর সুস্থ আছে এবং খাবার খেতে চেয়েছে।
কয়েকদিনের অনাহারের কারণে কিশোরদের শরীর এখনও দুর্বল থাকায় তাদেরকে হাসপাতালে পর্যবেক্ষণে রাখা হয়েছে। কোনো ধরনের সংক্রমণে আক্রান্ত হওয়া ঠেকাতেই তাদেরকে পর্যবেক্ষণ করা হচ্ছে।
তবে কিশোরা সুস্থ আছে এবং সোমবার তারা জনপ্রিয় থাই ডিশ ‘ফ্রাইড রাইস’ খেতে চেয়েছে বলে জানিয়েছেন উদ্ধার অভিযানের প্রধান নারংসাক ওসোটানাকোরন।
তিনি বলেন, “কিশোররা অনুযোগের সুরে বলেছে, তারা ক্ষুধার্ত এবং তারা হোলি বেসিল স্টির-ফ্রাইড রাইস খেতে চেয়েছে।”
কিশোর ফুটবল দলটির ১২ সদস্য ও তাদের কোচ গত ২৩ জুন উত্তরের চিয়াং রাই প্রদেশের ‘থাম লুয়াং’ গুহায় প্রবেশের পর সেখানেই আটকা পড়েছিল। রোববার সেখান থেকে চার কিশোরকে বের করে আনা হয়।
গুহা থেকে উদ্ধারের পর হেলিকপ্টারে করে তাদের চিয়াং রাই প্রাচানুকরহ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
এখন পর্যন্ত প্রথম দিনে উদ্ধার চার কিশোরের নাম প্রকাশ করা হয়নি। আটকা পড়া কিশোরদের পরিবারের প্রতি সম্মান জানাতে তাদের নাম প্রকাশ করা হচ্ছে না বলে জানান থাই কর্তৃপক্ষ।
উদ্ধার কিশোরদের সঙ্গে তাদের পরিবারের সদস্যদের এখনো দেখা করতে দেওয়া হয়নি।
তবে চিকিৎসকরা কাঁচের দেয়ালের বাইরে দিয়ে বাবা-মায়েদেরকে তাদের সন্তানদের দেখার অনুমতি দেওয়ার কথা বিবেচনা করছেন বলে জানিয়েছে বিবিসি।
