২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

উত্তর কোরিয়ার পরমাণু নিরস্ত্রীকরণ এক বছরেই: বোল্টন

উত্তর কোরিয়ার পরমাণু নিরস্ত্রীকরণ এক বছরের মধ্যেই সম্ভব বলে মন্তব্য করেছেন হোয়াইট হাউজের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jul 2018, 11:48 PM

Updated : 08 Apr 2022, 06:37 PM

মার্কিন সংবাদমাধ্যম সিবিএস এর ‘ফেস দ্য ন্যাশন’ অনুষ্ঠানে বোল্টন একথা বলেন। যদিও একাজে আরো বেশি সময় লাগতে পারে বলেই মনে করেন কোনো কোনো বিশেষজ্ঞ।

গত ১২ জুন সিঙ্গাপুরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে উত্তর কোরিয়ার নেতা কিম জং-উন কোরিয়া উপদ্বীপকে পরমাণু অস্ত্রমুক্ত করার প্রতিশ্রুতি দিয়েছিলেন।

এরই প্ররিপ্রেক্ষিতে বোল্টন সিবিএস কে বলেন, উত্তর কোরিয়ার গণবিধ্বংসী অস্ত্র- রাসায়নিক, জীবাণু ও পারমাণবিক- এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি এক বছরের মধ্যেই নিমূল করার একটি পরিকল্পনা করেছে ওয়াশিংটন।

তিনি বলেন, “তারা (উত্তর কোরিয়া) যদি ইতোমধ্যেই তা করার সিদ্ধান্ত নিয়ে থাকে এবং সহযোগিতা করে তবে আমরা খুব তাড়াতাড়িই কাজ করতে পারব। এক বছরের মধ্যেই আমরা তাদের অস্ত্র কর্মসূচির একটি উল্লেখযোগ্য অংশ ধ্বংস করতে পারব।”