‘কিশোরীকে মারতে যুক্তরাষ্ট্রে উড়ে গিয়ে’ গুলিবিদ্ধ নিউ জিল্যান্ডার
অনলাইনে পরিচয় হওয়া এক কিশোরীকে আক্রমণ করতে নিউ জিল্যান্ড থেকে বিমানে চেপে যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় গিয়ে গুলিবিদ্ধ হয়েছেন এক ব্যক্তি।
২৫ বছর বয়সী ট্রয় জর্জ স্কিনার ওই কিশোরীদের বাড়ির দরজার কাঁচ ভেঙে ফেলার পর মুহুর্তেই ঘাড়ে গুলিবিদ্ধ হন বলে পুলিশের বরাত দিয়ে জানিয়েছে বিবিসি।
ভার্জিনিয়া অঙ্গরাজ্যের হল্যান্ড হিলস এলাকায় শুক্রবার এ ঘটনা ঘটে। কিশোরীটির মা-ই স্কিনারকে গুলি করেন। ১৪ ও ১৮ বছর বয়সী দুই মেয়েকে নিয়ে তিনি তখন ঘর রং করছিলেন।
গুলিবিদ্ধ নিউ জিল্যান্ডের নাগরিক স্কিনারের কাছে একটি ছুরি, ডাক্ট টেপ ও পেপার স্প্রে পাওয়া গেছে বলে গুচল্যান্ড কাউন্টির শেরিফ জেমস অ্যাগ্নিউ জানিয়েছেন।
ওই কিশোরী অনলাইনে স্কিনারের সঙ্গে কথা বলা বন্ধ করার পর তার ওপর হামলা চালাতে স্কিনার সাড়ে ৮ হাজার মাইল পাড়ি দিয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
“এটা হুট করে হয় নি, স্বতস্ফূর্তও ছিল না, এটা ছিল খুবই পরিকল্পনামাফিক,” স্কিনারের দুইদিনের ভ্রমণ বৃত্তান্ত জানাতে গিয়ে বলেন শেরিফ অ্যাগ্নিউ।
“এটা নতুন একটি বিশ্ব,” মন্তব্য তার।
পুলিশ জানিয়েছে, নিউ জিল্যান্ডের অকল্যান্ড থেকে রওনা হয়ে তিনটি বিমানে ভ্রমণ করে ও শেষে একটি বাসে চড়ে ভার্জিনিয়ার রিচমন্ডের গন্তব্যে পৌঁছান স্কিনার।
“সে এখানে আমন্ত্রিত ছিল না, প্রত্যাশিতও ছিল না। কিশোরী যে তার সঙ্গে যোগাযোগ করতে ইচ্ছুক নয় তাও তাকে আগে জানিয়ে দেওয়া হয়েছিল,” বলেন অ্যাগ্নিউ।
ভিডিও গেমাররা একে অপরের সঙ্গে কথা বলতে পারেন, ডিসকর্ড নামের এমন একটি অ্যাপের মাধ্যমে নিউ জিল্যান্ডের ওই ব্যক্তির সঙ্গে ভার্জিনিয়ার ওই কিশোরীর যোগাযোগ হয়েছিল বলেও জানান এ পুলিশ কর্মকর্তা।
শেরিফে অ্যাগ্নিউ বলছেন, স্কিনারের সঙ্গে মেয়ের যোগাযোগের বিষয়টি সম্বন্ধে বাবা-মা একেবারেই অবগত ছিলেন না।
চার মাস আগে থেকেই কিশোরীটি নিউ জিল্যান্ডের ওই যুবকের সঙ্গে যোগাযোগ বন্ধের চেষ্টা শুরু করে বলেও ভাষ্য তার।
তিনি জানান, ভার্জিনিয়ায় কিশোরীদের বাড়ি পৌঁছে প্রথমে দরজায় নক করেছিলেন স্কিনার।
দিনের বেলায় অনাহুত কারও সঙ্গে দেখা করার অভ্যাস না থাকায় কিশোরীর মা তাতে সাড়া দেননি বলে পরে তদন্ত কর্মকর্তাদের জানিয়েছেন।
নিউ জিল্যান্ড থেকে উড়ে যাওয়া যুবক ঘরের ভেতর কিশোরীর মাকে দেখতে পেয়ে চেঁচামেচি শুরু করেন; মোটরগাড়িতে বিনা ভাড়ায় ৩০ মাইল পথ পাড়ি দিয়ে বাড়িতে এসেছেন জানিয়ে সাহায্যও চান।
“এরপর তিনি ঘরে ঢোকার চেষ্টা চালান, হাতের কাছে ইট পেয়ে তা দিয়ে দরজা ভাঙারও চেষ্টা করেন, ঘরে ঢুকতে মরিয়া হয়ে উঠেছিলেন তিনি,” বলেন শেরিফ।
নিজের কাছে বন্দুক থাকার কথা জানিয়ে আগেই সতর্ক করেছিলেন কিশোরীটির মা। দরজার কাঁচ ভেঙে ডোরলকে হাত দেওয়ার মুহুর্তেই স্কিনারকে লক্ষ্য করে দুই রাউন্ড গুলি ছোড়েন।
ঘাড়ে গুলিবিদ্ধ হওয়ার পর দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করলেও উঠোনে মুখ থুবড়ে পড়েন স্কিনার। পুলিশ তার পকেট থেকে বিমানের টিকেটও উদ্ধার করেছে বলে জানিয়েছেন অ্যাগ্নিউ।
৩০ জুন স্কিনারের নিউ জিল্যান্ডে ফেরার পরিকল্পনা ছিল বলেও জানিয়েছে পুলিশ।
হাসপাতালে চিকিৎসাধীন স্কিনার এ যাত্রা বেঁচে যাবেন বলেই ধারণা বিবিসির। মারাত্মক অস্ত্র ব্যবহার করে অন্যের বাড়ি ভাংচুর ও সেখানে প্রবেশের চেষ্টা এবং গুরুতর অপরাধ সংঘটনের চেষ্টার অভিযোগের মুখোমুখি হতে হবে তাকে।
ঘটনাটির তদন্তে সহায়তা করতে মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এফবিআইয়ের সাহায্য চাওয়া হয়েছে বলেও জানিয়েছেন গুচল্যান্ড কাউন্টির কর্মকর্তারা।
