২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হোয়াইট হাউসে ফিরছে ইফতার অনুষ্ঠান

দায়িত্ব নেওয়ার পর প্রথম বছর বাদ দিলেও রমজানে মুসলিমদের জন্য হোয়াইট হাউসে ইফতার অনুষ্ঠান এবার আয়োজন করতে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jun 2018, 08:18 PM

Updated : 19 Aug 2022, 02:08 PM

যুক্তরাষ্ট্রের রাজনীতি বিষয়ক সংবাদ মাধ্যম ‘পলিটিকো’কে উদ্ধৃত করে সিএনএন রোববার এই খবর দিয়েছে।

মুসলিমদের পবিত্র মাস রমজান উপলক্ষে দুই দশক ধরে হোয়াইট হাউস ইফতার ও নৈশভোজ আয়োজন করে আসছিল।

প্রায় ৩৫ লাখ মুসলিমের দেশ যুক্তরাষ্ট্রে বারাক ওবামা প্রেসিডেন্ট থাকাকালেও এই ধারা অব্যাহত ছিল।

কিন্তু ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার পর গত বছর হোয়াইট হাউসের নিয়মিত আয়োজন থেকে রমজানের ইফতার ও নৈশভোজকে ছেঁটে ফেলা হয়েছিল।

এবার আবার তা ফিরিয়ে আনা হচ্ছে।

পলিটিকো জানিয়েছে, আগামী বুধবার হোয়াইট হাউসে ইফতার ও নৈশভোজ অনুষ্ঠান হতে পাচ্ছে। তবে এই অনুষ্ঠানে কারা কারা আমন্ত্রণ পাচ্ছেন, তা জানা যায়নি।

গত বার ইফতার অনুষ্ঠান ছেঁটে ফেললেও রমজান উপলক্ষে মুসলিমদের শুভেচ্ছা জানিয়েছিলেন ট্রাম্প; সেই বার্তা এবারও এসেছে।