২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নিউ ইয়র্কে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে উ. কোরিয়ার চোলের বৈঠক

ডোনাল্ড ট্রাম্প ও কিম জং উনের মধ্যে শীর্ষ বৈঠকের আগে নিউ ইয়র্কে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেওর সঙ্গে বৈঠক করেছেন উত্তরের শীর্ষ নেতার ‘ডানহাত’ খ্যাত জেনারেল কিম ইয়ং চোল।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 May 2018, 11:32 AM

Updated : 25 Jul 2022, 08:33 PM

চীনে থেকে উড়ে গিয়ে যুক্তরাষ্ট্রে নামার পর বুধবার চোল মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে রাতের খাবার খেয়েছেন বলে জানিয়েছে বিবিসি।

বৃহস্পতিবার দুই নেতার মধ্যে ফের বৈঠক হওয়ার কথা রয়েছে।

২০০০ সালের পর দুই দশকের মধ্যে চোলই হলেন যুক্তরাষ্ট্র সফর করা উত্তর কোরিয়ার শীর্ষ ঊর্ধ্বতন কর্মকর্তা।

সপ্তাহখানেক আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উত্তর কোরিয়ার নেতার সঙ্গে ১২ জুনের শীর্ষ বৈঠক বাতিলের ঘোষণা দিয়েছিলেন, কিন্তু পরিবর্তিত পরিস্থিতিতে ওয়াশিংটন ও পিয়ংইয়ং পূর্ব নির্ধারিত সময়েই ওই বৈঠক আয়োজনের জন্য নতুন প্রস্তুতি শুরু করেছে।

ওই বৈঠক নিয়ে কথা বলতেই উত্তরের সাবেক গোয়েন্দাপ্রধান চোলের এবারের যুক্তরাষ্ট্র সফর বলে ধারণা করা হচ্ছে।

বিবিসি জানিয়েছে, বুধবার সন্ধ্যায় পম্পেও ও জেনারেল কিম আলাদা আলাদাভাবে এসে জাতিসংঘ সদরদপ্তরের কাছে একটি ভবনে একত্রিত হন।

সেখান থেকে বের হয়ে পরে পম্পেও ‘আমেরিকান বিফ’ থাকায় রাতের খাবার ‘সুস্বাদু’ ছিল বলে মন্তব্য করেন।

চোলের সঙ্গে বৈঠকের আগে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী উত্তর কোরিয়ার সঙ্গে আলোচনায় যুক্তরাষ্ট্রের অবস্থান কী হবে, তা গুছিয়ে নিচ্ছিলেন বলেও জানিয়েছে বিবিসি।

ট্রাম্প ও কিমের মধ্যে বৈঠক ঘিরে দুই কোরিয়ার সীমান্তবর্তী পানমুনজমে রোববার থেকে ধারাবাহিক আলোচনা চালাচ্ছেন উত্তর কোরিয়ার উপ-পররাষ্ট্র মন্ত্রী চোয়ে সন-হুই ও দক্ষিণে যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত সুং কিম।

এদিকে জো হাগিনের নেতৃত্বে মার্কিন প্রতিনিধিদল সিঙ্গাপুরে উত্তর কোরীয় নেতার চিফ অব স্টাফ কিম চাং-সনের সঙ্গে শীর্ষ সম্মেলনের খুঁটিনাটি নিয়ে কথা বলছেন বলে ধারণা করা হচ্ছে।  

যুক্তরাষ্ট্র-উত্তর কোরিয়া বৈঠক নিয়ে কথা বলতে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের বৃহস্পতিবার পিয়ংইয়ং যাওয়ার কথা।

ল্যাভরভ বুধবার প্রথমবারের মত ফোনে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেওর সঙ্গে কথা বলেছেন বলেও জানিয়েছে বিবিসি।

যুক্তরাষ্ট্র ও উত্তর কোরিয়ার দুই নেতা আগামী মাসেই বৈঠক আয়োজনের পরিকল্পনা করছেন বলে নিশ্চিত করেছেন হোয়াইট হাউসের মুখপাত্র সারাহ স্যান্ডার্স।

“প্রেসিডেন্ট যেমনটা বলেছেন, যদি এটা (বৈঠক) হয়, আমরা অবশ্যই প্রস্তুত,” বলেছেন তিনি।

ট্রাম্প প্রশাসনের প্রভাবশালী কর্মকর্তারা উত্তর কোরিয়ার ‘অ-পারমাণবিকীকরণের’ ক্ষেত্রে ‘লিবিয়ার পথ’ অনুসরণ করা হতে পারে এমনটা বলার পর চলতি মাসের মাঝামাঝি কড়া প্রতিক্রিয়া দেখিয়েছিল পিয়ংইয়ং।

২০০৩ সালে লিবিয়া পারমাণবিক অস্ত্র কর্মসূচী ত্যাগ করার অল্প কয়েক মাসের মধ্যেই যুক্তরাষ্ট্র লিবিয়ার ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেয়। দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্কও পুনঃস্থাপিত হয়। আট বছর পর নেটো সমর্থিত বিদ্রোহী ও আধাসামরিক গোষ্ঠীর হাতে ক্ষমতাচ্যুত হন দেশটির নেতা মুয়াম্মার গাদ্দাফি। নেটো সমর্থিত বিদ্রোহীদের হাতে ধরা পড়ার পর গাদ্দাফিকে হত্যা করা হয়।

লিবিয়া মডেলের উদাহরণ উত্তর কোরিয়ার শীর্ষ নেতা কিম জং উনকে আতঙ্কিত করতে পারে বলে তখনই ধারণা করেছিলেন পর্যবেক্ষকরা।

পিয়ংইয়ংয়ের কড়া প্রতিক্রিয়ার পাল্টায় বৈঠক থেকে সরে আসার ঘোষণা দেন ট্রাম্প। পরে দুই পক্ষই বৈঠক আয়োজনে নতুন করে আগ্রহ দেখালে মার্কিন প্রেসিডেন্ট উত্তর কোরিয়ার শীর্ষ নেতার সঙ্গে বৈঠক নির্ধারিত সময়েই অনুষ্ঠিত হবে বলে ইঙ্গিত দেন।

উত্তর কোরিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে প্রস্তাবিত এ সম্মেলনটি অনুষ্ঠিত হলে তা হবে উত্তর কোরিয়ার কোনো শীর্ষ নেতার সঙ্গে দায়িত্বে থাকা কোনো মার্কিন প্রেসিডেন্টের প্রথম বৈঠক।