২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মোজাম্বিকে ১০ গ্রামবাসীকে শিরশ্ছেদে হত্যা, সন্দেহে জঙ্গিরা

মোজাম্বিকের উত্তরাঞ্চলে অন্ততপক্ষে ১০ গ্রামবাসীকে শিরশ্ছেদে হত্যা করা হয়েছে; এ ঘটনার জন্য ইসলামপন্থি জঙ্গিদের সন্দেহ করা হচ্ছে বলে জানিয়েছেন দেশটির কর্মকর্তারা।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 May 2018, 12:30 PM

Updated : 08 Apr 2022, 06:27 PM

গত বছর ইসলামপন্থি একটি জঙ্গিগোষ্ঠী ওই এলাকায় বিক্ষিপ্ত হামলা চালিয়েছিল বলে জানিয়েছে বিবিসি।

কাঠ ও রুবি বিক্রি করে গোষ্ঠীটি লাখ লাখ ডলার আয় করে বলে ধারণা করা হয়।

স্থানীয়ভাবে আল শাবাব নামে পরিচিত গোষ্ঠীটি ২০১৫ সালে একটি ধর্মীয় সংগঠন হিসেবে আত্মপ্রকাশ করেছিল। জানা মতে, এই গোষ্ঠীটির সঙ্গে একই নামে পরিচিত সোমালি জঙ্গিগোষ্ঠীটির কোনো সম্পর্ক নেই। পাশাপাশি গোষ্ঠীটি আল সুন্না নামেও পরিচিত।

রোববারের ওই হামলায় নিহতদের মধ্যে মোনজানে গ্রামের প্র্র্রধানও রয়েছেন বলে স্থানীয় এক বাসিন্দা জানিয়েছেন। 

তিনি বলেছেন, “বনে আল শাবাবের অবস্থান সম্পর্কে পুলিশকে তথ্য সরবরাহ করছিলেন গ্রাম প্রধান, এ কারণে তাকে হত্যা করেছে তারা।”

২০১২ সালে নিহত কেনিয়ার এক কট্টরপন্থি ধর্মতাত্ত্বিকের অনুসারী এই গোষ্ঠীটি। তার অনুসারীরা দক্ষিণ দিকে সরে গিয়ে মোজাম্বিক সীমান্তের কাছে তাঞ্জানিয়ার দক্ষিণাঞ্চলে স্থায়ী হয়।

গত অক্টোবর থেকে তারা বিভিন্ন এলাকায় হামলা শুরু করে। এসব জঙ্গি হামলার সঙ্গে জড়িত থাকার অভিযোগে পুলিশ দুই শতাধিক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে।

সশস্ত্র গোষ্ঠীগুলোর সঙ্গে সম্পর্ক থাকার দায়ে গত সপ্তাহে কর্তৃপক্ষ ওই এলাকার ছয়টি মসজিদ বন্ধ করে দিয়েছে।

চলিত মাসের প্রথমদিকে মোজাম্বিকের পার্লামেন্ট একটি আইন পাস করেছে, তাতে সন্ত্রাসী কার্যকালাপের জন্য সর্বোচ্চ ২৪ বছর কারাদণ্ডের বিধান রাখা হয়েছে।