২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আফগানিস্তানে ক্রিকেট ম্যাচ চলাকালে বিস্ফোরণে নিহত ৮

আফগানিস্তানে একটি ক্রিকেট ম্যাচ চলাকালে বেশ কয়েকটি বিস্ফোরণে আট জন নিহত ও বহু লোক আহত হয়েছেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 May 2018, 09:43 AM

Updated : 08 Apr 2022, 06:24 PM

শুক্রবার রাতে নানগারহার প্রদেশের রাজধানী জালালাবাদে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন স্থানীয় কর্মকর্তারা, খবর বার্তা সংস্থা রয়টার্সের।

নানগারহারের প্রাদেশিক পরিষদের সদস্য সোহরাব কাদেরি জানিয়েছেন, রমজান মাসের শুরুর দিন মাগরেবের নামাজের পর জালালাবাদের একটি ফুটবল স্টেডিয়ামে বিস্ফোরণগুলো ঘটে, সেখানেই ক্রিকেট ম্যাচটি চলছিল।

আফগান শরণার্থীরা পাকিস্তানে থাকার সময় সেখান থেকে ক্রিকেট খেলা শিখে আসে। এরপর থেকে আফগানিস্তানে ক্রিকেট ক্রমেই একটি জনপ্রিয় খেলায় পরিণত হয়, বিশেষ করে দেশটির পূর্বাঞ্চলে।

এক বিবৃতিতে সেখানে চারটি বিস্ফোরণ ঘটেছে বলে জানিয়েছে দেশটিতে নিযুক্ত জাতিসংঘের সহায়তা মিশন। দুটি স্টেডিয়ামের ভিতরে, দুটি বাইরে। প্রথম দুটি বিস্ফোরণের পর স্টেডিয়াম ছেড়ে যারা পালাচ্ছিলেন তাদের লক্ষ্য করে পরের দুটি বিস্ফোরণ ঘটানো হয় বলে ধারণা করা হচ্ছে।

প্রাদেশিক গভর্নরের এক মুখপাত্র, আতাউল্লাহ খোগিয়ানি জানিয়েছেন, পরপর তিনটি বিস্ফোরণে আট দর্শক নিহত ও ৪৩ জন আহত হন।

আফগানিস্তানে নিযুক্ত জাতিসংঘের শীর্ষ কর্মকর্তা টাদামিচি ইয়ামামোতো বলেছেন, “সতর্কভাবে হিসাব করে ক্রিকেট ম্যাচ উপভোগরত বেসামরিকদের হত্যা ও পঙ্গু করতে চারটি বোমা ব্যবহার করে চালানো এই হামলায় আমি অত্যন্ত ক্ষুব্ধ। কোনোভাবেই ঠাণ্ডা মাথায় চালানো এই বর্বরোচিত ঘটনার পক্ষে কোনো যুক্তি থাকতে পারে না। যারা দায়ী তাদের ধরে অবশ্যই বিচারের মুখোমুখি করা উচিত।”

তাৎক্ষণিকভাবে কোনো গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি।