২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দক্ষিণ আফ্রিকায় সোনার খনিতে দুর্ঘটনায় নিহত ৭

ভূমিকম্পে দক্ষিণ আফ্রিকার একটি সোনার খনির একটি সুড়ঙ্গ ধসে পড়ার পর মৃতের সংখ্যা সাত জনে দাঁড়িয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 May 2018, 07:16 PM

Updated : 08 Apr 2022, 06:20 PM

ভূগর্ভে দুই দিন আটকে থাকার পর এদের মৃত্যু হয় এবং আহত আরও ছয় জন হাসপাতালে চিকিৎসাধীন আছেন বলে শনিবার জানিয়েছে দেশটির বৃহত্তম সোনা উত্তোলনকারী কোম্পানি সিবানি-স্টিলওয়াটার, খবর বার্তা সংস্থা রয়টার্সের।

বৃহস্পতিবার জোহানসবার্গের পশ্চিমে ড্রাইফন্টিনের মাসাখানি খনিতে দুর্ঘটনাটি ঘটেছিল। এতে মোট ১৩ খনি শ্রমিক ভূগর্ভে আটকা পড়েছিলেন।

বিশ্বের সবচেয়ে গভীর খনিটির অবস্থান এই ড্রাইফন্টিনেই।

শুক্রবার মৃতের সংখ্যা চার জনে দাঁড়িয়েছিল। অবশিষ্ট যে তিন জন তখনো খনিটির ভিতরে আটকা পড়ে ছিলেন পরে তাদের লাশ উদ্ধার করা হয়। আঘাতে ভূগেই তাদের মৃত্যু হয়।

ভূমিকম্পের পর যারা আটকা পড়েছিলেন তাদের মধ্যে সাত জনের লাশ ও ছয় জনকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে বলে এক বিবৃতিতে জানিয়েছে কোম্পানিটি।

এক বিবৃতিতে দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা বলেছেন, তিনি আশা করেন তদন্তে দুর্ঘটনার কারণ বের হয়ে আসবে এবং তা একটি সমাধানের পথ দেখাবে, যার মাধ্যমে ‘দক্ষিণ আফ্রিকার খনিগুলোতে মৃত্যুর অগ্রহণযোগ্য হারের মোকাবিলা করা যাবে’।

চলতি বছরের মার্চ পর্যন্ত দক্ষিণ আফ্রিকার খনিগুলোতে ২২ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির খনিজ সম্পদ বিভাগ। এর আগে ২০১৭ সালে দেশটির খনিগুলোতে ৮৮ জন খনি শ্রমিক নিহত হয়েছিলেন।