২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইয়েমেন থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রে সৌদি নাগরিক নিহত

সৌদি আরবের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ জিযানের ‘অত্যন্ত গুরুত্বপূর্ণ অর্থনৈতিক’ লক্ষ্যস্থলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার দাবি করেছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Apr 2018, 08:54 PM

Updated : 08 Apr 2022, 06:18 PM

শনিবার নিক্ষেপ করা ওই ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষের আঘাতে এক ব্যক্তি নিহত হয়েছেন বলে জানিয়েছে সৌদি কর্তৃপক্ষ, খবর বার্তা সংস্থা রয়টার্সের।

গত সপ্তাহে সৌদি নেতৃত্বাধীন বিমান হামলায় হুতিদের এক শীর্ষস্থানীয় কর্মকর্তা নিহত হওয়ার পর প্রতিশোধমূলক হামলা চালানোর প্রতিশ্রুতি দিয়েছিল ইয়েমেনের প্রভাবশালী রাজনৈতিক গোষ্ঠীটি।

ওই কর্মকর্তা হুতি গোষ্ঠীর নিয়ন্ত্রণে থাকা উত্তর ইয়েমেন পরিচালনাকারী হুতি রাজনৈতিক পরিষদের সভাপতি সালেহ আল সামাদ বলে জানিয়েছে রয়টার্স। রাজধানী সানায় তার জানাযায় হাজার হাজার লোক শরিক হয়েছিল।

প্রত্যক্ষদর্শীরা সানা থেকে জানিয়েছেন, শনিবার দাফন করার জন্য সামাদের লাশ বহন করে নিয়ে যাওয়ার সময়ও সৌদি নেতৃত্বাধীন বাহিনী বিমান হামলা চালিয়েছে।

তবে এ হামলায় কেউ হতাহত হয়েছেন কি না, সে বিষয়ে কোনো খবর পাওয়া যায়নি।

হুতিরা জানিয়েছে, তারা শনিবার সৌদি আরবের জিযান প্রদেশে ‘অর্থনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ লক্ষ্যস্থলে’ আটটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে।

এগুলোর মধ্যে চারটি ক্ষেপণাস্ত্র ধ্বংস করার দাবি করেছে রিয়াদ।

অ্যারাবিয়া টেলিভিশনে জিযানের সিভিল ডিফেন্সের মুখপাত্র কর্নেল ইয়াহিয়া আব্দুল্লাহ আল কাহতানি বলেছেন, “সামরিক ক্ষেপণাস্ত্রের খণ্ডাংশের আঘাতে এক সৌদি নাগরিক নিহত হয়েছেন।”

প্রতিবেদনটির সঙ্গে একটি বাড়ির ছবি দেখানো হয়েছে, ছবিতে বেসামরিক ওই বাড়িটির বাইরের অংশ বোমার শার্পনেলে ক্ষতবিক্ষত হয়েছে, এমনটি মনে হয়েছে বলে ভাষ্য রয়টার্সের।

২০১৪ সালে হুতি বিদ্রোহীরা ইয়েমেনের রাজধানীসহ অধিকাংশ এলাকা দখল করে নিয়ে দেশটির আন্তর্জাতিকভাবে স্বীকৃত প্রেসিডেন্টকে দেশ ছেড়ে পালাতে বাধ্য করে। পলাতক প্রেসিডেন্টকে ফের ক্ষমতায় বসাতে ইয়েমেনের গৃহযুদ্ধে হস্তক্ষেপ করে সৌদি আরবের নেতৃত্বধীন সামরিক জোট।

তারপর থেকে গত তিন বছর ধরে পক্ষ দুটির মধ্যে লড়াই চলছে। এ সময় সৌদি নেতৃত্বাধীন বাহিনী বাজার, হাসপাতাল ও অন্যান্য বেসামরিক লক্ষ্যস্থলসহ ইয়েমেনে কয়েক হাজারবার বিমান হামলা চালিয়েছে। এতে শত শত বেসামরিক নিহত হয়েছেন।

সম্প্রতি হুতিরা সৌদি আরবের রাজধানী রিয়াদসহ বিভিন্ন লক্ষ্যস্থলে শতাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এতে খুব বেশি হতাহতের ঘটনা না ঘটলেও ইরান হুতিদের অস্ত্র সরবরাহ করছে মর্মে সৌদি আরব ও যুক্তরাষ্ট্রের অভিযোগ আরও জোরদার হয়েছে।