ক্ষমতার অপব্যবহার: দক্ষিণ কোরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্টের ২৪ বছর সাজা
দক্ষিণ কোরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট পার্ক জিউন-হাইকে ক্ষমতার অপব্যবহার এবং অনৈতিক প্রভাব খাটানোর অভিযোগে দোষী সাব্যস্ত করে ২৪ বছরের কারাদণ্ড দিয়েছে দেশটির আদালত।
রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, শুক্রবার পার্কের এই রায় ‘জনস্বার্থের জন্য গুরুত্বপূর্ণ’ বিবেচনা করে টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হয়, যা দেশটির ইতিহাসে নজিরবিহীন ঘটনা।
রায়ে আদালত বলেছে, পুরনো বান্ধবী চই সুন-সিলের সঙ্গে যোগসাজশে পার্ক স্যামসাং ও লোটের মত কোম্পানিকে অবৈধ সুবিধা দিয়ে ৭৭.৪ বিলিয়ন উয়ন নিয়েছেন এবং ওই অর্থে চইয়ের নামে দুটি দাতব্য সংস্থা গড়ে তুলেছেন বলে প্রমাণিত হয়েছে।
বিচারক কিম সে উন তার পর্যবেক্ষণে বলেন, আসামি পার্ক ক্ষমতার অপব্যবহার করে বিভিন্ন কোম্পানিতে ওই দাতব্য প্রতিষ্ঠানে অর্থ দিতে বাধ্য করেছেন।
কারাদণ্ডের পাশাপাশি সাবেক এই রাষ্ট্রপ্রধানকে ১৮ বিলিয়ন উয়ন জরিমানাও করা হয়েছে এই রায়ে।
৬৬ বছর বয়সী পার্ক এই রায়ের সময় আদালতে উপস্থিত ছিলেন না। আদালতের বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ এনে আগেই তিনি এ বিচার বয়কটের ঘোষণা দিয়েছিলেন।
দক্ষিণ কোরিয়ায় সাবেক সেনাশাসক পার্ক চুং-হির মেয়ে পার্ক জিউন-হাই ২০১৩ দক্ষিণ কোরিয়ায় প্রথম নারী প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন। ব্যক্তিগত লাভের জন্য বন্ধুকে সুবিধা পাইয়ে দিতে তিনি রাজনৈতিক ক্ষমতা ও প্রভাব-প্রতিপত্তি ব্যবহার করেছেন- এমন অভিযোগে ২০১৬ সালের মাঝামাঝি সময়ে পার্লামেন্ট ও রাজপথে পার্কের বিরুদ্ধে বিক্ষোভ শুরু হয়।
ওই বছর ডিসেম্বরে পার্লামেন্টে ভোটাভুটি করে পার্ককে অভিশংসনের সিদ্ধান্ত হয়। এরপর গতবছর মার্চে দেশটির সাংবিধানিক আদালত সেই সিদ্ধান্তে সায় দিলে পার্ককে ক্ষমতাচ্যুত হয়ে দুর্নীতির অভিযোগে কারাগারে যেতে হয়। সেই থেকে তিনি কারাগারেই আছেন।
