আমি দিন দিন শক্তি ফিরে পাচ্ছি: ইউলিয়া স্ক্রিপাল
যুক্তরাজ্যে হত্যাচেষ্টার শিকার সাবেক রুশ গুপ্তচর সের্গেই স্ক্রিপালের মেয়ে ইউলিয়া স্ক্রিপালের পক্ষ থেকে প্রথম একটি বিবৃতি প্রকাশ করেছে পুলিশ।
এতে ইউলিয়া জানিয়েছেন তার সুস্থ হয়ে ওঠার কথা। বলেছেন, “আমি দিন দিনই শক্তি ফিরে পাচ্ছি।”
ইউলিয়ার সঙ্গে রাশিয়ায় থাকা তার এক চাচাতো বোনের টেলিফোন আলাপের খবর রাশিয়া টিভিতে প্রচারের পরপরই ব্রিটিশ পুলিশ এ বিবৃতি প্রকাশ করল।
গত ৪ মার্চ ইংল্যান্ডে সলসবেরিতে নার্ভ এজেন্ট হামলার শিকার হওয়ার পর থেকে ইউলিয়া স্ক্রিপাল ও তার বাবা সের্গেই স্ক্রিপাল দুইজনই সেখানকার একটি হাসপাতালে চিকিৎসাধীনে আছেন। সের্গেই স্ক্রিপালের অবস্থা গুরুতর হলেও স্থিতিশীল রয়েছে।
পুলিশের প্রকাশিত বিবৃতিতে ইউলিয়া তার শুভকামনা করে পাঠানো অসংখ্য মানুষের বার্তার জন্য সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
তিনি বলেন, “আমি এক সপ্তাহখানেক আগে সম্বিত ফিরে পেয়েছি। আমার বলতেও খুশী লাগছে যে, আমি দিন দিন শক্তি ফিরে পাচ্ছি।”
“আমার সেরে ওঠার জন্য অনেক মানুষকেই ধন্যবাদ জানানোর আছে। বিশেষ করে আমি সলসবেরির লোকজনদের কথা বলব যারা আমাদেরকে সাহায্য করতে এগিয়ে এসেছিলেন, ঠিক ওই সময়ে যখন আমি আর আমার বাবা অচেতন হয়ে পড়ে ছিলাম।”
“তাছাড়াও, আমি সলসবেরি ডিস্ট্রিক্ট হাসপাতালের স্টাফদেরকেও ধন্যবাদ দেব তাদের আন্তরিক সেবা-শুশ্রষার জন্য।” ইউলিয়া তার সেরে ওঠার এ সময়টিতে তার নিজের ও তার পরিবারের গোপনীয়তা রক্ষা করা হবে বলেও বিবৃতিতে আশা প্রকাশ করেছেন।
