ইউরোপজুড়ে তীব্র শীত, ২ জনের মৃত্যু
ইউরোপের অধিকাংশ অঞ্চলজুড়ে বয়ে যাওয়া তীব্র শৈত্যপ্রবাহ ও তুষারপাতে জনজীবন স্থবির হয়ে পড়েছে।
মঙ্গলবার শূন্য সেলসিয়াসের নিচের তাপমাত্রার মধ্যে রোমানিয়ায় দুই ব্যক্তিকে মৃত অবস্থায় পাওয়া গেছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
প্রবল শীত ও তুষারপাতের কারণে ইউরোপজুড়ে ফ্লাইট বাতিল, সড়ক ও রেলপথে চলাচলে বিঘ্নের পাশাপাশি মঙ্গলবার শিক্ষা প্রতিষ্ঠানও বন্ধ ছিল।
ঠাণ্ডায় জমে যাওয়া এই পরিস্থিতি আগামী সপ্তাহ পর্যন্ত বিরাজ করবে বলে আবহাওয়ার পূর্বাভাসগুলোতে ইঙ্গিত দেওয়া হয়েছে।
রোমানিয়ার ইনিস্টিটিউট অব ইমার্জেন্সি সিচুয়েশন (আইএসইউ) জানিয়েছে, দক্ষিণ রোমানিয়ার আদানকাতায় হাসপাতালে যাওয়ার পথে তুষারের মধ্যে পড়ে থাকা ৮৩ বছর বয়সী এক নারীর মৃতদেহ উদ্ধার করা হয়েছে।
দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা আজেরপ্রেসকে এক কর্মকর্তা জানিয়েছেন, সোমবার রাতে পূর্বাঞ্চলীয় সুচাভা কাউন্টিতে ৬৫ বছর বয়সী এক ব্যক্তিকে মৃত অবস্থায় পাওয়া গেছে।
দেশটির রাজধানী বুখারেস্ট ও কন্সতানটার মধ্যে সংযোগকারী প্রধান মহাসড়ক ও অন্যান্য বহু সড়ক বন্ধ করে দেওয়া হয়েছে।
রোমানিয়ার পুলিশ জানিয়েছে, ৮০টিরও বেশি ট্রেন ও ১৫টি ফ্লাইট বাতিল করা হয়েছে, কৃষ্ণ সাগরের তীরবর্তী রোমানিয়ান বন্দরগুলো বন্ধ রাখা হয়েছে।
দেশটির জাভিজান ও বেলেভিট পর্বত এলাকায় তাপমাত্রা নেমে মাইনাস ২০ সেলসিয়াসে দাঁড়িয়েছে।
বুখারেস্টসহ রোমানিয়ার কাউন্টিগুলোতে এবং ক্রোশিয়ার পুরো পশ্চিমাঞ্চল ও মধ্যাঞ্চলজুড়ে স্কুলগুলো বন্ধ রাখা হয়েছে।
বসনিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় উনস্কো-সানস্কি প্রদেশে তুষারের চাপে বহু বাড়ির ছাদ ধসে পড়েছে।
মঙ্গলবার রাতে মন্টিনিগ্রোর গোলুভোভসি বিমানবন্দর কয়েক ঘন্টা বন্ধ রাখা হয়েছিল বলে জানিয়েছে দেশটির রাষ্ট্র পরিচালিত আরটিসিজি টেলিভিশন।
সোমবার ইতালির রাজধানী রোমে তুষার ঝড় হয়েছে। এখানে তুষার ঝড় একটি বিরল ঘটনা। ঝড়ের পর রাস্তাগুলো পরিষ্কার করতে সেনাবাহিনী নামাতে হয়েছে কর্তৃপক্ষকে।
