২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘নিখোঁজ আর্জেন্টাইন ডুবোজাহাজের ক্রুরা জীবিত নেই’

দুই সপ্তাহ আগে নিখোঁজ ডুবোজাহাজটির ক্রুদের জীবিত উদ্ধারের আশা আর নেই বলে জানিয়েছে আর্জেন্টিনার নৌবাহিনী।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Dec 2017, 01:08 PM

Updated : 12 Apr 2022, 12:49 AM

তবে নৌবাহিনীর এক মুখপাত্রের বরাত দিয়ে রয়টার্স জানায়, নৌযানটির খোঁজে যৌথ তল্লাশি অভিযান অব্যাহত থাকবে।

গত ১৫ নভেম্বর পাতাগোনীয় উপকূল থেকে ৪৩২ কিলোমিটার দূরে আর্জেন্টিনা সাগরের দক্ষিণাঞ্চল থেকে শেষবার সঙ্কেত পাঠিয়েছিল ডুবোজাহাজ এআরএ  সান হুয়ান। ডুবোজাহাটিতে মোট ৪৪ জন ক্রু ছিলেন।

ডুবোজাহাজটির ‘স্নরকেল’ দিয়ে পানি ঢুকছে এমন খবর পাওয়ার পর  ওই দিন সেটিকে ‘মার দেল প্লাতা’ নৌঘাঁটিতে ফেরত আসার নির্দেশ দেওয়া হয়েছিল বলে জানায় রয়টার্স। ওই সময় ডুবোজাহাজটিতে সাত দিন চলার মতো অক্সিজেন ছিল।

বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে নৌবাহিনীর মুখপাত্র এনরিক বালবি বলেন, একটি ডুবোজাহাজ পানির নিচে দুর্ঘটনায় পড়ার পর ‘ক্রুদের জীবিত উদ্ধারের সম্ভাবনা যে কদিন থাকে’  তার থেকে দ্বিগুণ সময় ধরে এআরএ সান হুয়াকে খোঁজা হয়েছে।

“যদিও ক্রুদের ভাগ্যে আসলেই কী হয়েছে তা আমরা এখনও নিশ্চিত হতে পারিনি। আমরা উদ্ধার অভিযান অব্যাহত রাখব…সেখান থেকে কাউকে জীবিত উদ্ধার করা যাবে না।”

বিস্তৃত অনুসন্ধানের পরও নিখোঁজ ডুবোজাহাজটির অবস্থান শনাক্ত করা সম্ভব হয়নি বলেও জানায় নৌবাহিনী।

জার্মানির তৈরি ডুবোজাহাজটি উসুআইয়া থেকে রওনা হয়ে আর্জেন্টিনার ‍বুয়েনস আইরেস প্রদেশের উপকূলীয় শহর মার দেল প্লাতায় যাচ্ছিল। আর্জেন্টিনার নৌবাহিনীর তিনটি ডুবোজাহাজের মধ্যে এআরএ সান জুয়ানই সবচেয়ে নতুন।

ডুবোজাহাজটিতে একজন নারী ক্রু ছিলেন। ৩৫ বছরের এলিনা মারিয়া ক্রাজজিকে ডুবোজাহাজে দায়িত্ব পাওয়া আর্জেন্টিনার নৌবাহিনীর প্রথম নারী কর্মকর্তা।

এক ডজনের বেশি দেশের প্রায় চার হাজার উদ্ধারকর্মী ডুবোজাহাজটির তল্লাশি অভিযানে অংশ নিয়েছে।

আর্জেন্টিনার প্রেসিডেন্ট মাউরিকিও মাকরি দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্তের নির্দেশ দিয়েছেন।

পুরনো খবর:

সঙ্কেত শনাক্ত: নিখোঁজ আর্জেন্টাইন ডুবোজাহাজের বলে ধারণা
আর্জেন্টিনার নিখোঁজ ডুবোজাহাজের খোঁজে জোর তল্লাশি
৪৪ ক্রু নিয়ে আর্জেন্টিনার সাবমেরিন নিখোঁজ