পুজদেমনের বিরুদ্ধে স্প্যানিশ হাই কোর্টের সমন
কাতালুনিয়ার বরখাস্ত নেতা কার্লেস পুজদেমন এবং তার সরকারের ১৩ সদস্যকে এ সপ্তাহে আদালতে হাজির হওয়ার নির্দেশ জারি করেছে স্পেনের হাই কোর্ট।
সেইসঙ্গে তিনদিনের মধ্যে তাদেরকে আদালতে ৬২ লাখ ইউরো (৭২ লাখ মার্কিন ডলার) জমা করার নির্দেশও দেওয়া হয়েছে বলে জানায় বিবিসি।
সোমবার স্পেনের প্রধান কৌঁসুলি পুজদেমন এবং তার প্রশাসনের স্বাধীনতাপন্থি অন্যান্য নেতাদের বিরুদ্ধে ‘বিদ্রোহ', ‘রাষ্ট্রদ্রোহ' এবং ‘জনগণের অর্থের অপব্যবহারের’ অভিযোগ আনবেন বলে জানিয়েছিলেন।
তার একদিন পরই হাই কোর্ট থেকে এ সমন জারি করা হল।
কেন্দ্রীয় সরকারের যাবতীয় বিরোধিতার পরও স্বাধীনতা প্রশ্নে গত ১ অক্টোবর ‘স্বায়ত্বশাসিত’ কাতালুনিয়ায় গণভোট এবং তার ভিত্তিতে কাতালান পার্লামেন্ট স্বাধীনতা ঘোষণা করে।
পরবর্তী ব্যবস্থা হিসেবে স্পেন সরকার পুজদেমনকে বরখাস্ত করে এবং কাতালুনিয়ার নিয়ন্ত্রণ নিয়ে ২১ ডিসেম্বর সেখানে আগাম নির্বাচন ঘোষণা করে।
সোমবার অনেকটা শান্তিপূর্ণ উপায়েই কেন্দ্রীয় সরকার কাতালুনিয়ার অনেক প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণ নিয়েছে।
ওইদিনই বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে এক সংবাদ সম্মেলনে আগাম নির্বাচন মেনে নেওয়ার এবং পর্যাপ্ত ‘নিশ্চয়তা’ পেলে স্পেনে ফিরে আসার ঘোষণা দেন পুজদেমন।
নিজের মন্ত্রিসভার পাঁচ সদস্যকে নিয়ে বর্তমানে বেলজিয়ামে অবস্থান করছেন এই নেতা। তবে তিনি বলেছেন, ‘ন্যায়বিচার পেতে বা রাজনৈতিক আশ্রয় চাইতে’ তিনি বেলজিয়ামে আসেননি।
ওদিকে, কেন্দ্রীয় সরকার বিলুপ্ত ঘোষণা করার পরও পার্লামেন্ট ভেঙে দেওয়ার ঘোষণা না দেওয়ায় কাতালান পার্লামেন্টের স্পিকার এবং অন্যান্য সদস্যদের বিরুদ্ধে সমন জারি করেছে সুপ্রিম কোর্ট।
কাতালানের স্বাধীনতাপন্থি যেসব নেতা স্পেনে অবস্থান করছেন তারা ওই সমন গ্রহণ করে আদালতে হাজির হওয়ার সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছে বিবিসি।
স্পেনের আইনে ‘বিদ্রোহের’ অভিযোগ প্রমাণিত হলে সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ড পর্যন্ত হতে পারে।
