দার্জিলিংয়ে বন্দুক যুদ্ধে পুলিশ নিহত
ভারতের দার্জিলিংয়ে গোর্খা বিদ্রোহীদের সঙ্গে বন্দুকযুদ্ধে এক পুলিশ নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।
এনডিটিভি জানায়, দার্জিলিং শহর থেকে ২০ কিলোমিটার দূরে তুবগার বনে গোর্খা জনমুক্তি মোর্চার নেতা বিমল গুরুং অবস্থান করছেন এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শুক্রবার সকালে পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়।
সেখানে বিমলের অনুসারীদের সঙ্গে পুলিশের বন্দুক যুদ্ধ হয়।
বন্দুক যুদ্ধে পুলিশের একজন উপপরিদর্শক নিহত এবং আরও দুই পুলিশসদস্য গুলিবিদ্ধ হন বলে জানান নাম প্রকাশে অনিচ্ছুক পুলিশের এক কর্মকর্তা।
পুলিশ জানায়, বন্দুক যুদ্ধে বিমলের কয়েকজন অনুসারীও আহত হয়েছেন।
ঘটনাস্থল থেকে পুলিশ ছয়টি একে-৪৭ রাইফেল, একটি পিস্তল এবং ৫০০ রাউন্ড গুলি উদ্ধার করেছে।
হত্যা ও রাষ্ট্রদ্রোহের অভিযোগে বিমলকে খুঁজছে পুলিশ। সে সিকিমে আত্মগোপন করে আছে বলে ধারণা করা হয়।
বৃহস্পতিবার বিমলের একটি অডিও বার্তা প্রকাশ পায়।
অডিওতে বিমল বলেন, তিনি ৩০ অক্টোবর দার্জিলিং ফিরে আসবেন এবং স্থানীয়দের তার সঙ্গে সাক্ষাৎ করার আহ্বান জানান।
আলাদা রাজ্যের দাবিতে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের দার্জিলিং জেলায় দীর্ঘদিন ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছে গোর্খা জনমুক্তি মোর্চা (জিজেএম)।
