দার্জিলিংয়ে নতুন করে সহিংসতায় নিহত ২
ভারতের দার্জিলিং পাহাড়ে নতুন করে শুরু হওয়া সহিংসতায় দুই জন নিহত হয়েছে।
রোববার স্থানীয় পুলিশের পক্ষ থেকে বলা হয়, শুক্রবার রাতে এবং শনিবার পুলিশের সঙ্গে সংঘর্ষে দুই জন গুলিবিদ্ধ হয়ে মারা যায়।
শুক্রবার রাতে নিহত ব্যক্তির নাম তাশি ভুটিয়া (৩১)। তিনি গোরখা ন্যাশনাল লিবারেশন ফ্রন্ট (জিএনএলএফ) এর সমর্থক ছিলেন বলেও জানিয়েছে পুলিশ।
নাম প্রকাশে অনিচ্ছুক দার্জিলিংয়ের এক জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, নিরাপত্তা বাহিনীর অভিযানের সময় খুব সম্ভবত গোলাগুলির মধ্যে পড়ে ভুটিয়া নিহত হয়েছে।
শনিবার চকবাজার সংঘর্ষে আরও এক যুবক নিহত হয়। তার পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
সম্প্রতি পশ্চিমবঙ্গ সরকার রাজ্য জুড়ে বিদ্যালয়গুলোতে বাংলা ভাষা শিক্ষা আবশ্যিক ঘোষণা করে। ওই ঘোষণার পর থেকে দার্জিলিংয়ে নতুন করে বিক্ষোভ জড়িয়ে পড়েছে।
যদিও নেপালি ভাষায় কথা বলা দার্জিলিংয়ের গোরখা জনগোষ্ঠী দীর্ঘদিন ধরেই গোরখাল্যান্ড নামে আলাদা একটি রাজ্যের দাবিতে আন্দোলন করে আসছে।
বাংলা ভাষা শিক্ষা আবশ্যিক ঘোষণার পর গত মাস থেকে দার্জিলিংয়ে নতুন করে আবার আন্দোলন শুরু হয়।
স্থানীয় রাজনৈতিক দল গোরখা জনমুক্তি মোর্চা এবং জিএনএলএফ গত ১২ জুন থেকে দার্জিলিংয়ে অনির্দিষ্টকালের অবরোধ ঘোষণা করে।
জুনে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে ৫ জন নিহত হয়।
মাঝে মুসলিমদের পবিত্র ধর্মীয় উৎসব ঈদুল ফিতর উপলক্ষ্যে আন্দোলন কিছুটা শ্লথ হলেও গত কয়েক দিনে সেখানে আবার নতুন করে সংঘর্ষ ছড়িয়ে পড়েছে।
যে কারণে শনিবার দার্জিলিংয়ে আবারও সেনা মোতায়েনের নির্দেশ দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গত তিন সপ্তাহে এটি দ্বিতীয়বারের মত সেনা মোতায়েনের ঘটনা।
আন্দোলনের মধ্যে ইউনেস্কো ঘোষিত বিশ্ব ঐতিহ্যের তালিকাভুক্ত দার্জিলিংয়ের সোনাদা রেলস্টেশনেও আগুন দিয়েছে বিক্ষোভকারীরা।
অনির্দিষ্টকালের অবরোধের কারণে পর্যটন শহর দার্জিলিংয়ের অর্থনীতিতে বিরূপ প্রভাব পড়েছে। সেখানে ব্যবসা-বাণিজ্য পুরোপুরি বন্ধ হয়ে গেছে। চা রপ্তানি প্রক্রিয়াও ক্ষতিগ্রস্ত হচ্ছে।
বিশ্বের সবচেয়ে দামি চায়ের একটি বিশেষভাবে শুধু দার্জিলিংয়েই উৎপাদিত হয়।
গোরখাল্যান্ড নামে আলাদা রাজ্যের দাবিতে ১৯৮০ সালে প্রথমবার গোরখা জনগোষ্ঠী ও নিরাপত্তা বাহিনীর মধ্যে সংঘর্ষে অন্তত ১২শ মানুষ প্রাণ হারিয়েছিল।
