উ. কোরিয়ায় ভয়ঙ্কর নির্যাতনের শিকার হন মার্কিন ছাত্র ওয়ার্মবিয়ার
উত্তর কোরিয়া থেকে ছাড়া পাওয়ার পর মারা যাওয়া মার্কিন ছাত্র ওটো ওয়ার্মবিয়ারের শারীরিক অবস্থার ভয়ঙ্কর বিবরণ দিয়েছেন তার বাবা- মা।
ফক্স নিউজে প্রচারিত ‘ফক্স অ্যান্ড ফ্রেন্ডস অনুষ্ঠানে’ ফ্রেড ও সিন্ডি ওয়ার্মবিয়ার বলেন, উত্তর কোরিয়রা ‘সন্ত্রাসী’। তারা ‘খুবই পরিকল্পিতভাবে’ তাদের ছেলেকে নির্যাতন করেছে।
২০১৬ সালের মার্চে উত্তর কোরিয়ার একটি আদালত রাষ্ট্রবিরোধী অপরাধে ওয়ার্মবিয়ারকে দোষী সাব্যস্ত করে ১৫ বছরের সশ্রম কারাদণ্ড দেয়।
ওই বছর জানুয়ারিতে (সরকার বিরোধী) প্রপাগান্ডা স্লোগান বহনকারী কাগজপত্র চুরির চেষ্টার অভিযোগে ভার্জিনিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ওয়ার্মবিয়ারকে গ্রেপ্তার করা হয়েছিল। ২২ বছরের এই তরুণ একটি পর্যটক দলের সঙ্গে উত্তর কোরিয়া গিয়েছিলেন।
কারাদণ্ড দেওয়ার ১৭ মাস পর হঠাৎ করেই ওয়ার্মবিয়ারকে মুক্তি দেয় উত্তর কোরিয়া।
গত জুনে যুক্তরাষ্ট্রের পৌঁছানোর পর জানা যায় ওয়ার্মবিয়ার অনেকদিন ধরে কোমায় ছিলেন। তাকে পরীক্ষার পর মার্কিন চিকিৎসকরা জানান, ওয়ার্মবিয়ারের মস্তিষ্কের কোষ গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত। দেশে ফেরার এক সপ্তাহের মাথায়ই মারা যান ওয়ার্মবিয়ার।
ওয়ার্মবিয়ারের পরিবার শুরু থেকেই তাদের ছেলের উপর নির্যাতনের অভিযোগ করে আসছিলেন।
উত্তর কোরিয়া কর্তৃপক্ষ ওই অভিযোগ বরাবরই অস্বীকার করে বলেছে, কারাগারে খাদ্যে বিষক্রিয়ায় আক্রান্ত হয়ে ওয়ার্মবিয়ার কোমায় ছিলেন। যদিও মার্কিন চিকিৎসকরা বিষক্রিয়ার কোনো লক্ষণ তার শরীরে পায়নি বলে জানিয়েছিল।
ওয়ার্মবিয়ারের বাবা ফ্রেড বলেন, তারা যখন তাদের সন্তানকে দেখেন তখন সে ‘ঢলে পড়ে যেত, তার ভয়ঙ্কর রকম খিঁচুনি হত, আর্তনাদ করত এবং মুখ দিয়ে বুনো আওয়াজ করত’।
“তার মাথা ন্যাড়া ছিল, অন্ধ ও বধির হয়ে পড়েছিল এবং তার হাত ও পা পুরোপুরি অকার্যকর ছিল। তার পায়ে প্রচুর ক্ষতচিহ্ন ছিল, তাকে দেখে মনে হচ্ছিল কেউ একজোড়া প্লাস নিয়ে তার নিচের পাটির দাঁত তুলে আবার বসিয়েছে।”
“ওটোকে খুবই পরিকল্পিতভাবে নির্যাতন করা হয়েছে এবং কিম ও তার লোকজন ইচ্ছাকৃতভাবে তাকে ক্ষতবিক্ষত করেছে।”
সিন্ডি বলেন, “উত্তর কোরিয়া চায়নি আমার ছেলে তাদের মাটিতে মারা যাক, শুধুমাত্র এ কারণে তাকে তারা বাড়িতে পাঠিয়েছে।”
ওয়ার্মবিয়ার মারা যওয়ার পর তার পরিবার মৃতদেহের ময়নাতদন্ত করতে দেয়নি। তাদের মনে হয়েছে, তাদের ছেলের যথেষ্ট যন্ত্রণা ভোগ করেছে।
“আমি তাকে আর আমার নজরের বাইরে যেতে দিতে চাইনি’ বলেন ওয়ার্মবিয়ারের মা।
তিনি যুক্তরাষ্ট্রের নাগরিকদের উত্তর কোরিয়ায় না যওয়ার পরামর্শও দেন।
