২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইন্টারপোলের সদস্যপদ পেল ফিলিস্তিন

ইসরায়েলের বিরোধিতার পরও আন্তর্জাতিক পুলিশ সংগঠন (ইন্টারপোল) সদস্য রাষ্ট্র হিসাবে যোগ দিয়েছে ফিলিস্তিন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Sep 2017, 10:29 PM

Updated : 12 Apr 2022, 12:24 AM

একটি স্বাধীন রাষ্ট্র হিসাবে স্বীকৃতি পাওয়ার লক্ষ্য নিয়ে এগিয়ে যাওয়ার পথে এটি ফিলিস্তিনের জন্য এক নতুন কূটনৈতিক বিজয়।

চীনের রাজধানী বেইজিংয়ে অনুষ্ঠিত ইন্টারপোলের সাধারণ পরিষদের ভোটাভুটিতে ৭৫ শতাংশের বেশি ভোট পেয়ে সদস্যপদ লাভ করেছে ফিলিস্তিন। একইসঙ্গে সলোমন দ্বীপপুঞ্জকেও সদস্য করে নিয়েছে ইন্টারপোল।

ইসরায়েল সক্রিয়ভাবে এ ভোটাভুটি আগামী বছর পর্যন্ত পিছিয়ে দেওয়ার চেষ্টা চালিয়েও ব্যর্থ হয়েছে।

ভোটের পর ইন্টারপোলের এক টুইটে বলা হয়েছে, “ফিলিস্তিন রাষ্ট্র এবং সলোমন দ্বীপপুঞ্জ এখন থেকে ইন্টারপোলের সদস্য দেশ।”

টুইটে আরও বলা হয়, “নতুন সদস্য দেশ ফিলিস্তিন এবং সলোমন দ্বীপপুঞ্জ নিয়ে ইন্টারপোলের সদস্য সংখ্যা দাঁড়াল ১৯২ জনে।”

ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রণালয় এ সিদ্ধান্তের ব্যাপারে এখনও কোনও মন্তব্য করেনি। ইসরায়েল ফিলিস্তিনকে রাষ্ট্র হিসাবে স্বীকার করে না এবং ইন্টারপোলের সদস্য হওয়ার যোগ্য মনে করে না।

ফিলিস্তিনের পররাষ্ট্রমন্ত্রী রিয়াদ আল-মালিকি এক বিবৃতিতে বলেছেন, “ইন্টারপোলের বেশিরভাগ সদস্যের নৈতিক অবস্থানের কারণে এ জয় সম্ভব হয়েছে।”

ফিলিস্তিন এর আগে ২০১২ সালে জাতিসংঘের পর্যবেক্ষক রাষ্ট্রের মর্যাদা লাভ করে। তখন থেকে ফিলিস্তিন ৫০ টি’র বেশি আন্তর্জাতিক সংগঠন এবং চুক্তিতে সামিল হয়েছে বলে জানিয়েছে ফিলিস্তিনের পররাষ্ট্রমন্ত্রণালয়।

এর মধ্যে রয়েছে আন্তর্জাতিক অপরাধ আদলত এবং জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা ইউনেসকো।