২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রুশ হস্তক্ষেপ: যুক্তরাষ্ট্রে গ্র্যান্ড জুরি গঠন, সমন জারি

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপের অভিযোগ নিয়ে তদন্তকারী বিশেষ কাউন্সিল একটি গ্র্যান্ড জুরি ঘোষণা করেছে বলে জানিয়েছে মার্কিন গণমাধ্যম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Aug 2017, 12:36 PM

Updated : 12 Apr 2022, 12:04 AM

রাশিয়ার এক আইনজীবীর সঙ্গে গত বছর জুনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পুত্র ও জামাতার বৈঠকের বিষয়ে জানতে গ্র্যান্ড জুরির পক্ষ থেকে সমন জারি করা হয়েছে বলেও জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

তবে কবে বা কখন সমন জারি করা হয়েছে সে বিষয়ে কোনো তথ্য জানানো হয়নি। এমনকি কোন সূত্র থেকে এ তথ্য পাওয়া গেছে সে সম্পর্কেও কিছু বলা হয়নি।

যুক্তরাষ্ট্রে সাধারণত, অভিযোগ ওঠা ব্যক্তির বিরুদ্ধে  বিচার প্রক্রিয়া শুরু করার মত যথেষ্ট প্রমাণ আছে কিনা তা খতিয়ে দেখতে গ্র্যান্ড জুরি গঠন করা হয়। তবে তারা অভিযুক্তকে দোষী বা নির্দোষ ঘোষণা করতে পারেন না।

গ্র্যান্ড জুরি গঠনের মাধ্যমে রবার্ট মুলার নেতৃত্বাধীন বিশেষ কাউন্সিল গত বছরের প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপের অভিযোগের বিষয়ে আইনী প্রক্রিয়া শুরু করতে সম্ভাব্য প্রথম পদক্ষেপ গ্রহণ করেছে বলে ধারণা মার্কিন গণমাধ্যমগুলোর।

‘ডোনাল্ড ট্রাম্পকে জেতাতে নির্বাচনে হস্তক্ষেপ করেছিল রাশিয়া’ - গত বছর থেকে ওঠা এই অভিযোগ নিয়ে মার্কিন গোয়েন্দা সংস্থার চূড়ান্ত তদন্ত প্রতিবেদনে নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপের কথা বলা হয়েছে। 

অভিযোগ তদন্তে এ বছর মে মাসে মুলারের নেতৃত্বে বিশেষ তদন্ত কাউন্সিল গঠন করা হয়।

যদিও রাশিয়া ও ট্রাম্প বরাবরই এই অভিযোগ অস্বীকার করে এসেছে।

কিন্তু সম্প্রতি ট্রাম্পের বড় ছেলে ডোনাল্ড ট্রাম্প জুনিয়র ২০১৬ সালের জুনে ট্রাম্প টাওয়ারে রাশিয়ার একজন আইনজীবীর সঙ্গে বৈঠকের কথা স্বীকার করেছেন। যে বৈঠকে ইভাঙ্কা ট্রাম্পের স্বামী জারেড কুশনার এবং ট্রাম্পের নির্বাচনী শিবিরের সাবেক ম্যানেজার পল ম্যানাফোর্টের উপস্থিত থাকার কথাও বলা হয়েছে।

বৃহস্পতিবার রাতে ওয়েস্ট ভার্জিনিয়ায় এক সমাবেশে ট্রাম্প বলেন, “বেশিরভাগ মানুষ জানে আমাদের নির্বাচনী প্রচারে রাশিয়ার কোনো অস্তিত্ব ছিল না... আমরা রাশিয়ার কারণে জয়লাভ করিনি। আমরা আপনাদের কারণে জিতেছি।”

পুরনো খবর:

হিলারির তথ্য পেতে রুশ আইনজীবীর সঙ্গে দেখা করেন ট্রাম্পপুত্র
রুশ আইনজীবীর সঙ্গে বৈঠক: মস্কো জড়িত জানতেন ট্রাম্পপুত্র
রাশিয়ার সঙ্গে ছেলের বৈঠকের কথা জানতেন না ট্রাম্প