রুশ আইনজীবীর সঙ্গে বৈঠক: মস্কো জড়িত জানতেন ট্রাম্পপুত্র
যুক্তরাষ্ট্রের নির্বাচনী প্রচারে ডোনাল্ড ট্রাম্পকে সহায়তা করার মস্কোর চেষ্টাতেই রুশ আইনজীবীর সঙ্গে বৈঠক- একথা জানতেন ট্রাম্প জুনিয়র, বলছে ‘দ্য নিউ ইয়র্ক টাইমস’।
পত্রিকাটি বলেছে, ডোনাল্ড ট্রাম্পকে নির্বাচনী প্রচারে সহায়তা করার মস্কোর চেষ্টার অংশ হিসাবেই রুশ আইনজীবী হিলারি ক্লিনটন সম্পর্কে তথ্য দেওয়ার প্রস্তাব দেন বলে ট্রাম্পপুত্রকে জানানো হয়েছিল। বৈঠকের আগে একটি ইমেইলে ট্রাম্প জুনিয়র কথাটি জেনেছিলেন।
নিউ ইয়র্ক টাইমস এর প্রতিবেদনে বলা হয়, সংগীত প্রকাশক রব গোল্ডস্টোন ২০১৬ সালের জুনে ট্রাম্প জুনিয়রের সঙ্গে রুশ আইনজীবী নাতালিয়া ভেসেলনিতস্কায়ার বৈঠকের আয়োজন করেছিলেন এবং একটি ইমেইলে ওই কথা জানিয়েছিলেন।
যদিও ‘এনবিসি নিউজ’কে মঙ্গলবার ভেসেলনিতস্কায়া বলেন, তার কাছে হিলারি সম্পর্কে কখনওই কোনও সংবেদনশীল তথ্য ছিল না।
ইমেইলটি সম্পর্কে জানেন এমন তিনজনের বরাত দিয়ে পত্রিকাটি আরও জানায়, হিলারির জন্য সম্ভাব্য ক্ষতিকর যে তথ্য দেওয়ার কথা বলা হয়েছে তা রুশ সরকারের কাছ থেকেই পাওয়া বলেও ওই ইমেইল ইঙ্গিত দিচ্ছে।
তবে ইমেইলে যুক্তরাষ্ট্রের নির্বাচনে রুশ সরকারের বিস্তৃত পরিসরে হস্তক্ষেপ চেষ্টার কোনও কথা উল্লেখ ছিল না বা ডেমোক্র্যাটিক পার্টির কম্পিউটার হ্যাকিং সংক্রান্ত বিষয়েও কোনও আভাস ছিল না বলে জানিয়েছে পত্রিকাটি। যে হ্যাকিং এর খবর রুশ আইনজীবীর সঙ্গে বৈঠকের একসপ্তাহ পরই প্রথম চাউর হয়েছিল।
যুক্তরাষ্ট্রের গত বছরের প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপ নিয়ে তদন্ত চলছে। রুশ আইনজীবীর সঙ্গে ট্রাম্প জুনিয়রের বৈঠকের আয়োজক গোল্ডস্টোন এর আগে নির্বাচনে হস্তক্ষেপে রাশিয়া সরকারের জড়িত থাকার কথা অস্বীকার করেছেন।
আর রোববার ট্রাম্প জুনিয়রও এক বিবৃতিতে রুশ আইনজীবীর ক্রেমলিনের পক্ষ থেকে কাজ করার বিষয়টি তার জানা থাকার ব্যাপারে কোনও ইঙ্গিত দেননি।
ওদিকে, মস্কো মার্কিন নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছে এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়ার পর ডোনাল্ড ট্রাম্পও বলেছেন, নির্বাচনে রাশিয়ার সঙ্গে তার শিবিরের কোনও যোগসাজশ ছিল না।
তবে ট্রাম্পের কোনও সহযোগী রাশিয়া সরকারের সঙ্গে যোগসাজশ করে গতবছরের নির্বাচনের ফলকে প্রভাবিত করেছে কিনা তা খতিয়ে দেখতে নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে উল্লিখিত ইমেইলের বিষয়টি এখন তদন্তকারীদের কাছে গুরুত্বপূর্ণ বলেই বিবেচিত হচ্ছে।
মার্কিন কংগ্রেসের হাউজ ইনটেলিজেন্স কমিটির শীর্ষ ডেমোক্র্যাট নেতা অ্যাডাম স্চিফ এমএসএনবিসি কে বলেন, নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনটি ‘খুবই গুরুতর অগ্রগতি’।
“এর সঙ্গে জড়িত সবাইকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হবে। ওই বৈঠকে উপস্থিত সবার দায়িত্ব আমাদের কমিটির সামনে আসা।”
হিলারি ক্লিন্টনের নির্বাচনী প্রচার ক্ষতিগ্রস্ত করতে পারে এমন তথ্য দেওয়ার প্রতিশ্রুতি পেয়ে ট্রাম্পপুত্র রুশ আইনজীবী ভেসেলনিতস্কায়ার সঙ্গে সাক্ষাৎ করতে রাজি হয়েছিলেন বলে রোববার জানায় নিউ ইয়র্ক টাইমস। ট্রাম্প জুনিয়র আইনজীবীর সঙ্গে তার সাক্ষাতের কথা স্বীকার করলেও হিলারির ব্যাপারে তথ্যের প্রতিশ্রুতি পাওয়ার কথা অস্বীকার করেছেন।
ট্রাম্প জুনিয়র জোর দিয়েই বলেছেন, রাশিয়ার আইনজীবী প্রেসিডেন্ট নির্বাচনে তার বাবার প্রতিদ্বন্দ্বী প্রার্থী হিলারির বিরুদ্ধে ওই সময় কোনও তথ্য দেননি এমনকি তথ্য দেওয়ার প্রস্তাবও দেননি। প্রকৃতপক্ষে তার কাছে অর্থবহ কোনও তথ্য ছিল না।
