ওহাইওতে বিমান বিধ্বস্ত, ভারতীয়-মার্কিন দম্পতির মৃত্যু
যুক্তরাষ্ট্রের ওহাইওতে ব্যক্তিমালিকানাধীন একটি উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে ভারতীয় বংশোদ্ভূত এক মার্কিন চিকিৎসক দম্পতির মৃত্যু হয়েছে।
বুধবার ওহাইও হাইওয়ে পেট্রোল পুলিশের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের লগানস্পর্টের বাসিন্দা উমামাহেশ্বর কালাপাতাপু (৬৩) এবং তার স্ত্রী সীতা-গীতা কালাপাতাপু বিমান দুর্ঘটনায় মারা গেছেন।
এনডিটিভি’র খবরে বলা হয়, পাইপার আর্চার পিএ-২৮ উড়োজাহাজটি উমামাহেশ্বর নিজেই চালাচ্ছিলেন।
৮ জুলাই শনিবার খুব সম্ভবত সকাল সাড়ে ১০টা থেকে দুপুর সাড়ে ১২টার মধ্যে কোনও এক সময় উড়োজাহাজটি বিধ্বস্ত হয় বলে ওই বিবৃতিতে বলা হয়।
শনিবার বিকালে ওহাইওর দক্ষিণপশ্চিমাঞ্চলের বেভারলি গ্রামের কাছে একটি পরিত্যক্ত পুকুরে বিধ্বস্ত উড়োজাহাজটির ধ্বংসাবশেষ খুঁজে পাওয়া যায়।
দুর্ঘটনার কারণ এখনও জানা যায়নি। বিষয়টি নিয়ে তদন্ত চলছে।
